নিউইয়র্কে বিক্ষোভ ও জনসমাবেশ নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা পুলিশের বিতর্কিত বিশেষ ইউনিট ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। সোমবার (১৬ নভেম্বর) তিনি জানান, ইউনিটটির দায়িত্ব নতুন ও বিদ্যমান কয়েকটি বিভাগে ভাগ করে দেওয়া হবে। শান্তিপূর্ণ বিক্ষোভ পরিচালনায় গঠন করা হবে নতুন একটি বিভাগ, যেখানে আলোচনা, যোগাযোগ ও উত্তেজনা প্রশমনের ওপর […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে বিক্ষোভ ও জনসমাবেশ নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা পুলিশের বিতর্কিত বিশেষ ইউনিট ‘স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ’ (এসআরজি) বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। সোমবার (১৬ নভেম্বর) তিনি জানান, ইউনিটটির দায়িত্ব নতুন ও বিদ্যমান কয়েকটি বিভাগে ভাগ করে দেওয়া হবে। শান্তিপূর্ণ বিক্ষোভ পরিচালনায় গঠন করা হবে নতুন একটি বিভাগ, যেখানে আলোচনা, যোগাযোগ ও উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
২০২৫ সালের মেয়র নির্বাচনের প্রচারণার সময়ও এসআরজি বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মামদানি। ২০১৫ সালে গঠিত ইউনিটটির দায়িত্ব ছিল সন্ত্রাসবাদ মোকাবিলা এবং বড় জনসমাগম নিয়ন্ত্রণ। তবে শুরু থেকেই এর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ, পুলিশি নির্যাতন ও নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে।
মামদানি বলেন, সংবিধানপ্রদত্ত প্রতিবাদের অধিকার প্রয়োগ করতে গিয়ে নিউইয়র্কবাসীকে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলার মতো পুলিশি ব্যবস্থার মুখোমুখি হওয়া উচিত নয়। নতুন বেসামরিক নেতৃত্বাধীন ব্যবস্থায় বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ এবং পরিস্থিতি শান্ত রাখার ওপর জোর দেওয়া হবে।
বিক্ষোভ নিয়ন্ত্রণে নতুন বিভাগ
মেয়রের দপ্তর জানিয়েছে, এসআরজির বিক্ষোভ ও জনসমাগম নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হবে ‘কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন’ নামে নতুন একটি বিভাগকে। এটি মেয়রের কমিউনিটি নিরাপত্তা দপ্তরের অধীনে কাজ করবে। বিক্ষোভের পরিকল্পনা তৈরি থেকে শুরু করে কর্মসূচি চলাকালে পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বও থাকবে এ বিভাগের।
নতুন বিভাগটি নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর অধীন ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সাপোর্ট টিম’-এর সঙ্গে সমন্বয় করবে। ৩০ সদস্যের এই দলে যোগাযোগ ও জনসমাগমের উত্তেজনা প্রশমনে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা রয়েছেন।
এ ছাড়া পুলিশ বিভাগের জন্য ‘প্যাট্রল সাপোর্ট ডিভিশন’ নামে আরেকটি দল গঠন করা হবে। কঠোর যাচাই-বাছাই ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এর সদস্য নির্বাচন করা হবে। বিপজ্জনক পরিস্থিতিতে অন্য পুলিশ দলগুলোকে সহায়তার প্রয়োজন হলেই কেবল এই বিভাগকে ডাকা হবে।
অন্যদিকে, বিলুপ্ত এসআরজির সন্ত্রাসবাদবিরোধী দায়িত্ব পালন করবে পুলিশ বিভাগের গোয়েন্দা ও সন্ত্রাসবাদবিরোধী ব্যুরো।
জর্জ ফ্লয়েড হত্যার পর বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক
২০২০ সালের জুনে মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের হাতে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় নিউইয়র্কে এসআরজির সদস্যদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ঘিরে ফেলা, মরিচের গুঁড়ার স্প্রে ও লাঠি ব্যবহার এবং আন্দোলনকারীদের মারধরের অভিযোগ ওঠে।
এসব পুলিশি অভিযানের পর একাধিক মামলা হয়। ক্ষতিগ্রস্ত বিক্ষোভকারীদের ক্ষতিপূরণ দিতে নগর কর্তৃপক্ষকে বিপুল অর্থও পরিশোধ করতে হয়।
নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন দীর্ঘদিন ধরে ইউনিটটির কার্যক্রমের সমালোচনা করে আসছে। শান্তিপূর্ণ বিক্ষোভে ভারী সাঁজোয়া যান ও অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপস্থিতির বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে অধিকারকর্মীরা।
সংগঠনটির নির্বাহী পরিচালক ডোনা লিবারম্যান এসআরজি বিলুপ্তির সিদ্ধান্তকে সংবিধানপ্রদত্ত মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকারের জন্য বিজয় হিসেবে বর্ণনা করেছেন। দীর্ঘদিন ধরে এ পরিবর্তনের দাবিতে কাজ করা ব্যক্তিদের প্রচেষ্টার স্বীকৃতি বলেও মন্তব্য করেন তিনি।
লিবারম্যান নগর পরিষদকে ‘কমিউনিটিজ ইউনাইটেড টু রিজেক্ট ব্রুটালিটি অ্যাক্ট’ অনুমোদনের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, প্রস্তাবটি পাস হলে ভবিষ্যৎ প্রশাসন রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের অজুহাতে একই ধরনের সিদ্ধান্ত সহজে বাতিল করতে পারবে না।
বিক্ষোভে পুলিশের কিছু কৌশল নিষিদ্ধের পরিকল্পনা
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকারীদের সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়া কয়েকটি পুলিশি কৌশল নিষিদ্ধ করা হবে। এর মধ্যে রয়েছে বিক্ষোভকারীদের চারদিক থেকে ঘিরে ফেলা এবং তাঁদের বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া।
এ ছাড়া সংবিধানপ্রদত্ত অধিকার প্রয়োগের কর্মসূচিতে দূরপাল্লার আগ্নেয়াস্ত্র, মরিচের গুঁড়ার স্প্রে ও কাঁদানে গ্যাস ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা নিয়ে প্রশ্ন ও পুলিশ ইউনিয়নের বিরোধিতা
সাবেক মেয়র বিল ডি ব্লাজিও প্রশাসনের অপরাধবিচার দপ্তরের প্রধান এবং নীতিবিষয়ক সাময়িকী ‘ভাইটাল সিটি’র প্রতিষ্ঠাতা লিজ গ্লেজার প্রস্তাবিত পরিবর্তনগুলোকে যুক্তিসংগত বলে মন্তব্য করেছেন। তবে নতুন বেসামরিক বিভাগটি কীভাবে কাজ করবে এবং মেয়রের কমিউনিটি নিরাপত্তা দপ্তরের বিদ্যমান কাঠামোর সঙ্গে কীভাবে সমন্বয় করবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দপ্তরটি চলতি বছরের মার্চে গঠন করা হয়েছিল।
অন্যদিকে, মামদানির পরিকল্পনার সমালোচনা করেছে পুলিশ ইউনিয়ন। পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্যাট্রিক হেনড্রি এক বিবৃতিতে বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল শহর চান এমন নাগরিকদের জন্য এটি ভালো খবর নয়। রাজনৈতিক সমর্থকদের সন্তুষ্ট করতে গিয়ে মেয়র নগরবাসী ও পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছেন বলে অভিযোগ করেন তিনি।
তবে পুলিশ কমিশনার জেসিকা টিশ পরিবর্তনগুলোর প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ বিভাগের কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনীয় উন্নয়ন করা জরুরি। তবে এমন কোনো পরিবর্তন তিনি সমর্থন করবেন না, যা নগরবাসীকে সুরক্ষা দেওয়ার সক্ষমতা কমিয়ে দেয় কিংবা গুরুতর হুমকি মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা থেকে বঞ্চিত করে।
সূত্র: আওয়াজবিডি