শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে প্রযোজক আরশাদ আদনানের একটি রহস্যময় ফেসবুক পোস্ট। পোস্টটি ঘিরে ধারণা করা হচ্ছে, হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিবের নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক অভিনেত্রীর ছবি […]
ছবি: সংগৃহীত
শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে প্রযোজক আরশাদ আদনানের একটি রহস্যময় ফেসবুক পোস্ট। পোস্টটি ঘিরে ধারণা করা হচ্ছে, হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিবের নায়িকা হতে পারেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক অভিনেত্রীর ছবি প্রকাশ করেন আরশাদ আদনান। ছবির সঙ্গে ক্যাপশনে শুধু লেখেন, ‘নেক্সট’। তবে অভিনেত্রীর নাম বা নতুন কোনো সিনেমার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ছবিটি কিয়ারা আদভানির বলে শনাক্ত হওয়ার পর থেকেই শাকিবের নতুন সিনেমায় তাঁর অভিনয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
প্রযোজকের পোস্টে থাকা ছবিটি Esquire India-এর একটি ফটোশুটের। এতে অভিনেত্রীকে বেইজ রঙের ‘SOBO PERSON’ লেখা ক্যাপ, কমলা রঙের পোশাক ও রঙিন স্ট্রাইপের টপে দেখা যায়। ছবিটি কিয়ারা আদভানির ফটোশুটের সঙ্গে মিলে যাওয়ায় তাঁকে ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা।
তবে কিয়ারা ‘মোহাব্বাত’-এ অভিনয় করছেন, নাকি প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রযোজক।
এর আগে আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফ জুটি শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। দুটি সিনেমাতেই শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বিদেশি অভিনেত্রী। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় ভারতের ইধিকা পালের। অন্যদিকে ‘রাজকুমার’-এ শাকিবের সহশিল্পী ছিলেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফি।
এবারও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে—এমন আলোচনা আগে থেকেই ছিল। সম্ভাব্য নায়িকা হিসেবে ভারত ও পাকিস্তানের কয়েকজন অভিনেত্রীর নামও আলোচনায় আসে। আরশাদ আদনানের ‘নেক্সট’ পোস্টের পর সেই আলোচনায় যুক্ত হয়েছে কিয়ারা আদভানির নাম।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে তৈরি হওয়া এই জল্পনা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। কিয়ারা আদভানি শাকিবের ‘মোহাব্বাত’-এ থাকছেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে প্রযোজক বা সিনেমা সংশ্লিষ্টদের ঘোষণার জন্য।