সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

কমিউনিটি
১২:১০ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬

নিউইয়র্কের ব্রঙ্কসে নতুন অভিবাসীদের জন্য কম্পিউটার ও কর্মসংস্থান প্রশিক্ষণের উদ্যোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে নতুন অভিবাসীদের কম্পিউটার ও ডিজিটাল দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কমিউনিটি। প্রস্তাবিত এ কর্মসূচিতে কম্পিউটার ব্যবহার, অনলাইনে চাকরি খোঁজা, জীবনবৃত্তান্ত তৈরি, চাকরির আবেদন এবং সরকারি-বেসরকারি সেবা গ্রহণের পদ্ধতি শেখানোর পরিকল্পনা রয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ […]

নিউইয়র্কের ব্রঙ্কসে নতুন অভিবাসীদের জন্য কম্পিউটার ও কর্মসংস্থান প্রশিক্ষণের উদ্যোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে নতুন অভিবাসীদের কম্পিউটার ও ডিজিটাল দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশি কমিউনিটি। প্রস্তাবিত এ কর্মসূচিতে কম্পিউটার ব্যবহার, অনলাইনে চাকরি খোঁজা, জীবনবৃত্তান্ত তৈরি, চাকরির আবেদন এবং সরকারি-বেসরকারি সেবা গ্রহণের পদ্ধতি শেখানোর পরিকল্পনা রয়েছে।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ উদ্যোগের বিষয়টি তুলে ধরা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে দেশি ট্রিবিউন, প্রথম আলো উত্তর আমেরিকা ও প্রথম আলো ফাউন্ডেশন ইউএসএ।

আলোচনায় প্রস্তাবিত ‘ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম ফর অ্যাডাল্ট নিউ ইমিগ্র্যান্টস’-এর গুরুত্ব তুলে ধরেন নারী কমিউনিটি সংগঠক ফারমিস আখতার ও জেসমিন চৌধুরী। তাঁদের আলোচনায় নতুন অভিবাসীদের দৈনন্দিন জীবন, কর্মসংস্থান এবং বিভিন্ন সেবা গ্রহণে প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজনীয়তা উঠে আসে।

প্রশিক্ষণ কর্মসূচিতে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারের প্রাথমিক ধারণা, ইন্টারনেট ও ই-মেইল পরিচালনা, অনলাইনে চাকরি খোঁজা এবং চাকরির আবেদন করার পদ্ধতি শেখানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জীবনবৃত্তান্ত তৈরি, অনলাইনে বাসা ভাড়ার আবেদন, স্বাস্থ্যসেবা গ্রহণ এবং সরকারি সুবিধার জন্য প্রয়োজনীয় ফরম পূরণের বিষয়ও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

অনলাইন নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে প্রস্তাবিত কর্মসূচিতে। এতে অনলাইন প্রতারণা শনাক্ত করা, ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং ইন্টারনেট ব্যবহারের সময় নিরাপত্তা বজায় রাখার বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আলোচনায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে নতুন আসা অনেক অভিবাসী ভাষাগত সীমাবদ্ধতার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারে সমস্যায় পড়েন। এর ফলে চাকরির আবেদন, চিকিৎসাসেবা গ্রহণ কিংবা সরকারি বিভিন্ন সুবিধার জন্য অনলাইনে আবেদন করতে তাঁদের অন্যের সহায়তা নিতে হয়। প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারলে অভিবাসীরা এসব কাজ নিজেরাই করতে পারবেন এবং কর্মসংস্থানের সুযোগ খুঁজতে আরও স্বাবলম্বী হবেন।

এ ছাড়া ইংরেজি ভাষা শিক্ষা, কর্মসংস্থানের প্রস্তুতি, অভিবাসন ও আইনি সহায়তাসংক্রান্ত তথ্য এবং স্থানীয় সরকারি সেবা সম্পর্কে ধারণা দেওয়ার বিষয়ও আলোচনায় আসে। নতুন অভিবাসী, নারী এবং প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকা ব্যক্তিদের এসব উদ্যোগের আওতায় আনার বিষয়টি গুরুত্ব পায়।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রঙ্কসের নতুন অভিবাসী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, কর্মসংস্থানের প্রস্তুতি এবং আইনি ও সামাজিক সহায়তার তথ্য পৌঁছে দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা আলোচনায় উঠে এসেছে।

তবে প্রস্তাবিত ডিজিটাল প্রশিক্ষণ কর্মসূচি কবে শুরু হবে, কোথায় প্রশিক্ষণ দেওয়া হবে কিংবা কীভাবে নিবন্ধন করতে হবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা পাওয়া যায়নি।

সূত্র: দেশি ট্রিবিউন।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ