সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৫৪ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁর বিরুদ্ধে করা দুর্নীতির মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের […]

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁর বিরুদ্ধে করা দুর্নীতির মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গুটো হ্যারি ও ডেভিড ডেভিসের উপস্থাপনায় ‘পলিটিকস আনলিশড’ পডকাস্টে কথা বলতে গিয়ে টিউলিপ বলেন, একজন অভিজ্ঞ আইনজীবী তাঁকে জানিয়েছেন, ড. ইউনূসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার মতো ভিত্তি থাকতে পারে। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য পদক্ষেপগুলো খতিয়ে দেখছেন তিনি।

টিউলিপের ভাষ্য, তাঁর বিরুদ্ধে হওয়া বিচারপ্রক্রিয়া ছিল ‘বিদ্বেষমূলক মামলা’। তবে এখনো মামলা দায়েরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে ড. ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

প্লট বরাদ্দের মামলায় দুই বছরের কারাদণ্ড

গত বছরের ডিসেম্বরে ঢাকার কাছে একটি আবাসন প্রকল্পে পরিবারের জন্য জমির প্লট বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন বাংলাদেশের একটি আদালত। মামলায় তাঁর সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল, খালার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে পরিবারের জন্য ওই প্লট বরাদ্দে ভূমিকা রেখেছিলেন তিনি।

লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, মামলার অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে তাঁর আইনজীবীরা বাংলাদেশ সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠালেও কোনো জবাব পাননি।

পডকাস্টে টিউলিপ বলেন, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠিয়ে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। তবে ইউনূস দেখা করতে রাজি হননি বলে দাবি করেন তিনি।

নিজের অনুপস্থিতিতে বিচার ও দণ্ডের খবর জানার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে টিউলিপ বলেন, সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের সংবাদ সতর্কতা দেখে তিনি প্রথম দণ্ডের খবর জানতে পারেন। তাঁর ভাষায়, পুরো অভিজ্ঞতাটি ছিল ‘কাফকায়েস্ক দুঃস্বপ্নের’ মতো।

স্টারমারের সরকার থেকে পদত্যাগের প্রসঙ্গ

বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ও মামলার প্রভাব যুক্তরাজ্যের রাজনীতিতেও পড়ে। এ বিতর্কের মধ্যে গত বছর ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ। তিনি জানান, ওই সময়ে নিরাপত্তা হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁকে বার্তা পাঠিয়ে সমর্থন জানিয়েছিলেন।

তবে তাঁকে ঘিরে বারবার প্রশ্ন ওঠায় একপর্যায়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানান টিউলিপ। স্টারমারের রাজনৈতিক উত্থানে শুরু থেকেই পাশে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত নিজেই তাঁর সরকারের জন্য রাজনৈতিক বাধা হয়ে দাঁড়াতে চাননি।

স্টারমারের রাজনৈতিক বিদায়কে ‘খুবই বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন টিউলিপ। একই সঙ্গে তাঁর উত্তরসূরি অ্যান্ডি বার্নহামের প্রশংসা করেন তিনি। টিউলিপ বলেন, তাঁর অগ্রাধিকার একটি নতুন লেবার সরকার নিশ্চিত করা।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ