সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০১ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করলো যুক্তরাজ্য

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে লন্ডনে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর এক বিবৃতিতে এসব […]

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কার করলো যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর দেশটির বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে লন্ডনে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায়ের পর এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। তিনি বলেন, মিয়ানমারের সামরিক সরকারের ওপর আগে থেকে কার্যকর নিষেধাজ্ঞার পাশাপাশি রায়ের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের পাশাপাশি রায়টি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আয়োজনের আহ্বান জানাচ্ছে যুক্তরাজ্য। এ ছাড়া লন্ডনে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হবে। অপরাধের দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত করতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বিবৃতিতে এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক সরকারের চালানো নির্যাতনের নিন্দা জানায় যুক্তরাজ্য। এসব অপরাধের বিচার ও দায়ীদের জবাবদিহির আওতায় আনতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। মিয়ানমারকে অবশ্যই আদালতের রায় সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। রায় বাস্তবায়ন, অপরাধের জবাবদিহি এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়েরও ভূমিকা রাখতে হবে।

আইসিজের রায়ে গণহত্যার দায়ে মিয়ানমার

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়ার করা মামলায় রায় দেন। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে গণহত্যার ঘটনা ঘটেছে বলে সিদ্ধান্তে পৌঁছান আদালত। ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সমর্থনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আদালত বলেন, ওই অভিযানে রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল।

রায়ে মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হওয়ার জন্যও দায়ী করা হয়েছে। আদালত দেশটিকে গণহত্যা-সংক্রান্ত অপরাধের তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা এবং পরিবারগুলোর পুনর্মিলনের বিষয়েও নির্দেশনা দিয়েছেন।

২০১৯ সালে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আইসিজেতে মামলাটি করে। ২০১৭ সালের সামরিক অভিযানের পর লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

আইসিজের রায়ের পর যুক্তরাজ্য জানিয়েছে, আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে তারা ভূমিকা রাখবে।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ