সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১১:০৬ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬

রয়টার্সের প্রতিবেদন: বৈশ্বিক বাণিজ্যে চীনের প্রভাব কমাতে ট্রাম্পের নতুন শুল্কনীতি কতটা সফল হবে?

চীনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর শুল্কের চাপ বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশকেও চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করতে চাপ দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের লক্ষ্য, বৈশ্বিক বাণিজ্যে চীনের প্রভাব কমিয়ে আন্তর্জাতিক উৎপাদন ও সরবরাহব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী করা। তবে এই পরিকল্পনা কতটা কার্যকর […]

রয়টার্সের প্রতিবেদন: বৈশ্বিক বাণিজ্যে চীনের প্রভাব কমাতে ট্রাম্পের নতুন শুল্কনীতি কতটা সফল হবে?
নিজস্ব প্রতিবেদক
৫ মিনিটে পড়ুন |

চীনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর শুল্কের চাপ বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশকেও চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করতে চাপ দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের লক্ষ্য, বৈশ্বিক বাণিজ্যে চীনের প্রভাব কমিয়ে আন্তর্জাতিক উৎপাদন ও সরবরাহব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী করা।

তবে এই পরিকল্পনা কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, চীনের ওপর শুল্ক বাড়ালে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি কমতে পারে, কিন্তু একই সঙ্গে অন্য দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত আরও বাড়ার ঝুঁকি রয়েছে। এতে নতুন করে বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক বিরোধ তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের এক বিশ্লেষণে এসব বিষয় উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্ক পদক্ষেপ চীনের সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতার সীমার মধ্যে রাখা হলেও ভবিষ্যতে আরও শুল্ক বাড়ানোর সুযোগ খোলা রেখেছে ট্রাম্প প্রশাসন। ফলে আগামী মাসে ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক এবং ২০২৭ সালের ১০ জানুয়ারি দুই দেশের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ শেষ হওয়ার আগে ওয়াশিংটনের এই পদক্ষেপ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

চীনের ওপর শুল্ক বাড়িয়ে অন্য দেশগুলোকেও চাপ

ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে। এর বাইরে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক সমঝোতায় দ্বিতীয় মেয়াদের শুল্কের একটি সীমা নির্ধারণ করা হয়েছে। তবে সেই সমঝোতা ভেঙে গেলে চীনের ওপর দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের হার ৪০ শতাংশে পৌঁছাতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নতুন শুল্কের ভিত্তি তৈরি হয়েছে বিশ্বজুড়ে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের আট মাসের তদন্তের পর। ওয়াশিংটনের অভিযোগ, কয়েকটি দেশ বাজারের প্রকৃত চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন করছে এবং সরকারি সহায়তা ও বিভিন্ন শিল্পনীতির মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারসাম্য নষ্ট করছে।

এই তদন্তে চীনকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের চাপ শুধু বেইজিংয়ের ওপর সীমাবদ্ধ নয়। ইউরোপীয় ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গেও বাণিজ্য চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের, আবার কয়েকটির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে। এসব দেশকে চীনের পণ্য আমদানি ও দেশটিতে বিনিয়োগের বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে উৎসাহিত করছে ট্রাম্প প্রশাসন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের ভিয়েতনামবিষয়ক প্রতিবেদনে চীনের প্রসঙ্গ ২৫০ বারের বেশি এসেছে। ইউরোপীয় ইউনিয়ন নিয়ে করা প্রতিবেদনে চীনের উল্লেখ রয়েছে ৩০০ বারের বেশি। এতে বোঝা যায়, ওয়াশিংটনের নতুন বাণিজ্য কৌশলে চীনকে ঘিরে উদ্বেগ কতটা গুরুত্ব পাচ্ছে।

আগের বাণিজ্যযুদ্ধের অভিজ্ঞতা

বিশ্ববাণিজ্য পুনর্গঠনে ট্রাম্পের এটি দ্বিতীয় বড় প্রচেষ্টা। ২০২৫ সালের এপ্রিলে তাঁর ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্কের মাধ্যমে প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করা হয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্ককে অবৈধ ঘোষণা করে।

তবে সে সময় চীনই সবচেয়ে শক্তভাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছিল। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্কের হার একপর্যায়ে তিন অঙ্কে পৌঁছে যায়। জবাবে চীন বিরল খনিজ পরিশোধন ও সরবরাহে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে। এতে গাড়ি উৎপাদন থেকে শুরু করে প্রতিরক্ষা শিল্প পর্যন্ত বিভিন্ন বৈশ্বিক খাতে সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

পরবর্তী সময়ে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে উত্তেজনা কিছুটা কমে আসে। চলতি সপ্তাহে বেইজিং যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ স্থগিত রাখার সময়সীমা বাড়িয়েছে। পাশাপাশি চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান জিয়ামেন এয়ারলাইন্স ৫০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। এসব ঘটনাকে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক সমঝোতা বজায় থাকার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছে রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন শুল্কের পক্ষে দেওয়া অন্যায্য শিল্পচর্চার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে এ পর্যায়ে বেইজিং সরাসরি পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়নি।

আবারও বাণিজ্যযুদ্ধ চায় না কেউ?

নতুন শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের ওপর চাপ বাড়ানোর সুযোগ তৈরি করলেও ওয়াশিংটন নিজেও বড় ধরনের বাণিজ্যযুদ্ধের ঝুঁকি নিতে সতর্ক থাকতে পারে। কারণ, আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়লে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়ার আশঙ্কা থাকে। জীবনযাত্রার ব্যয় ইতিমধ্যে দেশটির ভোটারদের অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পেছনেও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ গুরুত্বপূর্ণ ইস্যু ছিল।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির ইস্ট এশিয়ান ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক চেন বো মনে করেন, চীন ও যুক্তরাষ্ট্র—কোনো পক্ষই নতুন করে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না। উভয় দেশেরই একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহ রয়েছে।

ক্যাপিটাল ইকোনমিকসের এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্ক উইলিয়ামসের মতে, বাণিজ্যযুদ্ধ আবার শুরু হলে যুক্তরাষ্ট্রের হাতে নতুন শুল্ক পদক্ষেপ অতিরিক্ত চাপ প্রয়োগের সুযোগ তৈরি করবে। অর্থাৎ, নতুন উদ্যোগ শুধু শুল্ক বাড়ানোর বিষয় নয়, বরং ভবিষ্যৎ আলোচনায় ওয়াশিংটনের দর-কষাকষির শক্তিও বাড়াতে পারে।

চীনের সঙ্গে অন্য দেশগুলোর বিরোধ বাড়ার আশঙ্কা

রয়টার্সের বিশ্লেষণে নতুন শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রভাবের কথাও বলা হয়েছে। যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক বাড়ালে দেশটির সঙ্গে মার্কিন বাণিজ্য ঘাটতি কমতে পারে। কিন্তু একই সময়ে অন্যান্য অর্থনীতির সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চীনা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের শিল্প ও কর্মসংস্থান রক্ষায় অন্য দেশগুলোও নতুন শুল্ক বা অশুল্ক বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করতে পারে।

চীনের পণ্য বাণিজ্য উদ্বৃত্ত টানা দ্বিতীয় বছরের মতো ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার পথে। সমালোচকদের অভিযোগ, দেশটির অভ্যন্তরীণ ভোগব্যয় দুর্বল থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য রপ্তানির ওপর নির্ভরতা বাড়ছে। এতে চীনের উৎপাদিত পণ্যের সরবরাহ বাড়লেও বৈশ্বিক চাহিদার তুলনায় ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে।

ম্যাকুয়ারি ক্যাপিটালের বৈশ্বিক কৌশলবিদ ভিক্টর শেভেটসের মতে, চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনে ব্যর্থতা ভবিষ্যতে বাণিজ্যিক উত্তেজনা বাড়ানোর বড় কারণ হয়ে উঠতে পারে। তাঁর ধারণা, সামনে বিভিন্ন দেশের মধ্যে শুল্কের পাশাপাশি শুল্কবহির্ভূত বাণিজ্যিক বিধিনিষেধও বাড়তে পারে।

ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে চীনের সঙ্গে গাড়ি আমদানি নিয়ে সমঝোতায় পৌঁছেছে। বেইজিং ইউরোপীয় বাজারে চীনা গাড়ি রপ্তানির ক্ষেত্রে কিছু পণ্যের ওপর কোটা মেনে নিতে সম্মত হয়েছে। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এই সমঝোতা দেখিয়েছে যে বাণিজ্যিক বিরোধে চীনও সব ক্ষেত্রে নিজের অবস্থানে অনড় থাকতে পারবে না। অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বেইজিংকে আরও কিছু বিষয়ে ছাড় দিতে হতে পারে।

সামনে কী অপেক্ষা করছে?

আগামী মাসে মিয়ামিতে ট্রাম্প ও শি জিনপিংয়ের চলতি বছরের চতুর্থ শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে নতুন শুল্ক পরিকল্পনা দুই দেশের আলোচনায় বাড়তি চাপ তৈরি করেছে। একই সঙ্গে ২০২৭ সালের ১০ জানুয়ারি বর্তমান বাণিজ্যিক সমঝোতার মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে দুই দেশের মধ্যে সমঝোতা নবায়ন হবে, নাকি নতুন করে উত্তেজনা বাড়বে, তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি চীনের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি অন্য দেশগুলোকেও নিজেদের বাণিজ্যিক অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে। কিন্তু এর ফলে বৈশ্বিক বাণিজ্যে চীনের প্রভাব কতটা কমবে, তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের অবস্থান, চীনের প্রতিক্রিয়া এবং দুই পরাশক্তির মধ্যে ভবিষ্যৎ সমঝোতার ওপর।

তথ্যসূত্র: রয়টার্স (Reuters)

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ