অতীতের মতপার্থক্য পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি। তাঁর মতে, দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে এবং ভবিষ্যতেও বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরের পাশে থাকবে। শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের করাচিতে সিন্ধু […]
ছবি: সংগৃহীত
অতীতের মতপার্থক্য পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি। তাঁর মতে, দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে এবং ভবিষ্যতেও বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরের পাশে থাকবে।
শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের করাচিতে সিন্ধু প্রাদেশিক পরিষদ বা সিন্ধু অ্যাসেম্বলি পরিদর্শনকালে পাকিস্তানি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে এবং আমরা চিরকাল ভাই হিসেবে থাকব।’
এ সময় সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ এবং পরিষদের সদস্যদের আতিথেয়তার প্রশংসা করেন তিনি। হাফিজ উদ্দিন আহমদ বলেন, তাঁদের উষ্ণ অভ্যর্থনায় তিনি মুগ্ধ হয়েছেন। পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা ছিল গুরুত্বপূর্ণ ও অর্থবহ।
সংসদীয় সম্পর্ক জোরদারে আলোচনা
বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে সিন্ধু প্রাদেশিক পরিষদের ঐতিহাসিক ভবন ঘুরিয়ে দেখানো হয়। এ সময় ভবনটির ইতিহাস, সংসদীয় ঐতিহ্য এবং সংরক্ষিত ঐতিহাসিক নথিপত্র সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত জানানো হয়।
প্রতিনিধিদলকে জানানো হয়, ১৯৪৩ সালের ৩ মার্চ সিন্ধু প্রাদেশিক পরিষদই ছিল উপমহাদেশের প্রথম প্রাদেশিক আইনসভা, যারা পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রস্তাব গ্রহণ করেছিল।
পরিদর্শন শেষে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ বৈঠকে বসেন। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করা, আইনসভা দুটির মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানো এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে অংশ নেয়। এ সময় পরিষদের সদস্যরা বাংলাদেশের প্রতিনিধিদের স্বাগত জানান।
ছয় দিনের সফরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান যান হাফিজ উদ্দিন আহমদ। তাঁর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল এই সফরে অংশ নিয়েছে।
সফরকালে পাকিস্তানের বিভিন্ন সংসদীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
তথ্যসূত্র: এআরবি।