প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনার মধ্যে এবার ইউরোপে বিলাসবহুল ভ্রমণে সময় কাটিয়েছেন মার্কিন পপ তারকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে এক রাত কাটিয়েছেন তাঁরা। এই যাত্রায় ব্যবহৃত বিশেষ স্যুইটটির একমুখী ভাড়া প্রায় ১ লাখ ৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ […]
ছবি: সংগৃহীত
প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনার মধ্যে এবার ইউরোপে বিলাসবহুল ভ্রমণে সময় কাটিয়েছেন মার্কিন পপ তারকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে এক রাত কাটিয়েছেন তাঁরা। এই যাত্রায় ব্যবহৃত বিশেষ স্যুইটটির একমুখী ভাড়া প্রায় ১ লাখ ৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য টাইমসের তথ্য অনুযায়ী, ট্রেনটির সবচেয়ে বিলাসবহুল ব্যক্তিগত স্যুইটগুলোর একটি ‘ল্য অবজারভেতোয়ার’ বেছে নিয়েছিলেন ক্যাটি ও ট্রুডো। বিশেষ নকশার এই রেলকোচে রয়েছে শোবার ঘরের প্রত্যাহারযোগ্য কাচের ছাদ। ফলে বিছানায় শুয়েই আকাশ দেখার সুযোগ রয়েছে।
স্যুইটটিতে আরও রয়েছে ব্যক্তিগত লাইব্রেরি, আলাদা বসার ঘর, টি রুম এবং মার্বেল পাথরে তৈরি প্রক্ষালনকক্ষ। রয়েছে বিলাসবহুল বাথটাব ও রঙিন কাচের জানালা। ট্রেন চলার সময় এসব জানালা দিয়ে ইউরোপের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। বসার ঘরে রয়েছে ভিনাইল রেকর্ডের সংগ্রহ। জায়গাটি প্রয়োজনে খাবার ঘর হিসেবেও ব্যবহার করা যায়।
ভ্রমণের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ক্যাটি পেরি। প্রকাশিত একটি ছবিতে তাঁকে বাথটাবে সময় কাটাতে দেখা যায়। অবকাশে দুজনকে তাস ও বোর্ড গেম খেলতেও দেখা গেছে।
ভ্রমণের সময় ক্যাটির পরনে ছিল শ্যাম্পেন রঙের সিল্ক ও লেসের মিনিড্রেস এবং সাদা পয়েন্টেড হিল। নতুন ববছাঁট চুলের স্টাইলও তুলে ধরেছেন তিনি। অন্যদিকে, ট্রুডোর পরনে ছিল সাদা টাক্সেডো।
সম্পর্কের আলোচনা যেভাবে শুরু
২০২৫ সালের জুলাইয়ে ক্যাটি পেরি ও জাস্টিন ট্রুডোর প্রেমের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন ছড়ায়। পরে মন্ট্রিয়লে ক্যাটির ‘লাইফটাইমস’ ট্যুরের একটি কনসার্টে উপস্থিত হন ট্রুডো।
এর প্রায় তিন মাস পর ক্যালিফোর্নিয়ার উপকূলে ক্যাটির প্রমোদতরিতে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। এরপর প্যারিসে ক্যাটির জন্মদিন উদ্যাপনের সময় তাঁদের হাত ধরে ঘুরতে দেখা গেলে সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
এবার প্যারিস থেকে ভেনিস পর্যন্ত বিলাসবহুল ট্রেনে তাঁদের একান্ত অবকাশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: দ্য টাইমস, যুক্তরাজ্য।