দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য সংখ্যক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য অনুযায়ী, সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের হার ৮৩ শতাংশের বেশি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী […]
ছবি: সংগৃহীত
দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য সংখ্যক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষ্য অনুযায়ী, সরকারের নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের হার ৮৩ শতাংশের বেশি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকার মোট ৫২৬টি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে ৪৩৯টি সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে, যা মোট সিদ্ধান্তের ৮৩ দশমিক ৪৬ শতাংশ।
প্রেস সচিব বলেন, এই সময়ের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নিয়মিতভাবে ৬৮টি সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকেই সরকারের গুরুত্বপূর্ণ নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার এ সময়ে মোট ১১৬টি অধ্যাদেশ জারি করেছে। এর মধ্যে ১৬টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং তিনটি অধ্যাদেশ নীতিগত অনুমোদনের পর্যায়ে আছে। পাশাপাশি নীতি, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা সংশ্লিষ্ট ৩০টি নীতিমূলক দলিল প্রণয়ন করা হয়েছে। এসবের মধ্যে ১৬টি অনুমোদিত বা স্বাক্ষরিত হয়েছে এবং বাকি ১৪টি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।
শফিকুল আলম বলেন, এ সময় সরকার ১৪টি দ্বিপাক্ষিক চুক্তিও সম্পাদন করেছে, যা আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।
প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের হার আগের যেকোনো সরকারের তুলনায় বেশি। তার মতে, এসব সিদ্ধান্ত কেবল প্রশাসনিক পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বহু অধ্যাদেশ ও সংস্কারমূলক উদ্যোগ দেশের মানুষের জীবনে দীর্ঘমেয়াদি ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।