আইফোনের জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ ‘ফেসটাইম’ (FaceTime) ব্যবহার করে নতুন ধরনের সাইবার প্রতারণা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অপরাধীরা ভিডিও কলে নিজেদের ব্যাংক কর্মকর্তা, প্রযুক্তি সহায়তাকর্মী কিংবা সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে ব্যবহারকারীদের আস্থা অর্জন করছে এবং পরবর্তীতে ব্যাংক হিসাব ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে। আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাধারণ ফোনকলের […]
ছবি: সংগৃহীত
আইফোনের জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপ ‘ফেসটাইম’ (FaceTime) ব্যবহার করে নতুন ধরনের সাইবার প্রতারণা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অপরাধীরা ভিডিও কলে নিজেদের ব্যাংক কর্মকর্তা, প্রযুক্তি সহায়তাকর্মী কিংবা সরকারি প্রতিনিধি পরিচয় দিয়ে ব্যবহারকারীদের আস্থা অর্জন করছে এবং পরবর্তীতে ব্যাংক হিসাব ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নিচ্ছে।
আইফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাধারণ ফোনকলের তুলনায় ভিডিও কলে প্রতারণা করা সহজ। কারণ সামনাসামনি কথা বলার সুযোগ থাকায় ব্যবহারকারীরা সচরাচর কলকারীর পরিচয় নিয়ে সন্দেহ করেন না। সাইবার অপরাধীরা মূলত এই মনস্তাত্ত্বিক সুযোগটিকেই কাজে লাগাচ্ছে।
প্রতারণার প্রক্রিয়ায় প্রথমে গ্রাহকের মোবাইলে একটি খুদে বার্তা পাঠানো হয়, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডে সন্দেহজনক লেনদেনের মিথ্যা দাবি করা হয়। বিষয়টি তাৎক্ষণিক সমাধানের কথা বলে গ্রাহককে ফেসটাইম ভিডিও কলে যুক্ত হতে বলা হয়। কলে যুক্ত হওয়ার পর ব্যাংকিং সমস্যার সমাধানের অজুহাতে গ্রাহককে মোবাইল স্ক্রিন শেয়ার (Screen Share) করতে বা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রদান করতে রাজি করানো হয়। এর ফলে পাসওয়ার্ড, অনলাইন ব্যাংকিং তথ্য ও নিরাপত্তা কোড প্রতারকদের হাতে চলে যায় এবং অল্প সময়ের মধ্যেই ব্যাংক হিসাব থেকে সব অর্থ সরিয়ে নেওয়া হয়।
এছাড়া প্রযুক্তিসাহায্যের নামেও একই কৌশলে প্রতারণা চালানো হচ্ছে। এক্ষেত্রে ফোনে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশের ভুয়া বার্তা দিয়ে টেক সাপোর্ট কর্মী পরিচয়ে ভিডিও কলে যুক্ত করা হয় এবং পরবর্তীতে আইফোনে নজরদারি সফটওয়্যার ইনস্টল করিয়ে পুরো ডিভাইসের নিয়ন্ত্রণ হাতিয়ে নেওয়া হয়।
অ্যাপল স্পষ্ট করেছে যে, তাদের কোনো কর্মকর্তা বা প্রতিনিধি কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে ফেসটাইম কল করে গ্রাহকের পাসওয়ার্ড, পিন বা ওটিপি চান না। তাই অপরিচিত কোনো ফেসটাইম কল কিংবা যুক্ত হওয়ার আমন্ত্রণ সংক্রান্ত লিংক পেলে তা অবিলম্বে উপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য করতে জালিয়াতি চক্রগুলো আগে থেকে ধারণ করা ভিডিও, বিভিন্ন ফিল্টার এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও ব্যবহার করছে। যেকোনো প্রকার সাইবার ঝুঁকি এড়াতে অপরিচিত ব্যক্তির সাথে ফেসটাইমে স্ক্রিন শেয়ার না করা এবং সন্দেহজনক ভিডিও কল পেলেই তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ডেইলি মেইল