মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী আর মাত্র দুই মাস পর শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রজব ও শাবান মাসের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে রমজান শুরুর সম্ভাব্য সময় নির্ধারিত হচ্ছে। হিসাব অনুযায়ী, যদি রজব মাস ২৯ দিন এবং শাবান মাস ৩০ দিনে পূর্ণ […]
মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী আর মাত্র দুই মাস পর শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার মাস রমজান। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রজব ও শাবান মাসের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে রমজান শুরুর সম্ভাব্য সময় নির্ধারিত হচ্ছে।
হিসাব অনুযায়ী, যদি রজব মাস ২৯ দিন এবং শাবান মাস ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে রমজান শুরু হতে আর ৬০ থেকে ৬১ দিন সময় লাগবে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজানের প্রথম দিন হতে পারে ১৯ ফেব্রুয়ারি। তবে নির্ধারিত দিনে চাঁদ দেখা না গেলে এক দিন পিছিয়ে রমজান শুরু হবে।
এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের পর বাংলাদেশে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে কোথাও রজব মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জির চারটি মাস—রজব, জিলকদ, জিলহজ ও মহররম—বিশেষ মর্যাদাপূর্ণ। এসব মাসে যুদ্ধ ও সংঘাত নিষিদ্ধ বলে বিবেচিত হয়। আরব সমাজে ঐতিহ্যগতভাবে এই সময় অপরাধ ও সহিংসতা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ জীবনযাপনের রীতি প্রচলিত ছিল।
রজব মাসের ২৬ তারিখের রাত মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয়, এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মেরাজে গমন করেন এবং উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে নিয়ে আসেন।