টানা তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে জনজীবনে। শুক্রবার (৫ জুন) রাতে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শুক্রবার যেভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে, […]
ছবি: সংগৃহীত
টানা তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে জনজীবনে।
শুক্রবার (৫ জুন) রাতে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, শুক্রবার যেভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে, আগামী তিনদিনও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৬টার বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নরসিংদীতে, যেখানে ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় ৪৪ মিলিমিটার, চাঁদপুরে ৩৯ মিলিমিটার, টাঙ্গাইলে ৩২ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।