নতুন নকশার ১০ টাকার ব্যাংক নোট বাজারে আসছে আগামীকাল মঙ্গলবার। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও ধাপে ধাপে নোটটি ছাড়া হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ১০ টাকা মূল্যমানের নোটটির […]
ছবি: সংগৃহীত
নতুন নকশার ১০ টাকার ব্যাংক নোট বাজারে আসছে আগামীকাল মঙ্গলবার। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও ধাপে ধাপে নোটটি ছাড়া হবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নতুন ১০ টাকা মূল্যমানের নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। নোটটিতে গোলাপি রঙের আধিক্য রয়েছে। জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখাবয়ব।
বাংলাদেশ ব্যাংক জানায়, নোটের সম্মুখভাগের বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি মুদ্রিত রয়েছে। মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার নকশা সংযোজিত হয়েছে। নোটের পেছনভাগে স্থান পেয়েছে ‘গ্রাফিতি–২০২৪’-এর চিত্র।
নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে নোটের সম্মুখভাগের বাম পাশে ২ মিলিমিটার প্রশস্ত একটি নিরাপত্তা সুতা সংযোজন করা হয়েছে, যাতে ‘১০ টাকা’ লেখা রয়েছে। আলোয় ধরলে লেখাটি স্পষ্টভাবে দৃশ্যমান হবে। নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হয়।
এছাড়া গভর্নরের স্বাক্ষরের ডান পাশে See-through image হিসেবে একটি বিশেষ প্যাটার্ন যুক্ত করা হয়েছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দেখা যাবে। নোটের সম্মুখভাগে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখার নিচে এবং পেছনভাগের বাম পাশে গ্লিউইশ প্যাটার্নের বাইরের অংশে Microprint হিসেবে ‘BANGLADESH BANK’ লেখা মুদ্রিত রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, নতুন নকশার ১০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে।
এদিকে মুদ্রা সংগ্রাহকদের চাহিদা বিবেচনায় ১০ টাকা মূল্যমানের একটি নমুনা নোটও (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। এসব নমুনা নোট বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।