দি বাংলা ভয়েস: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এই রায় নিয়ে বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, বিবিসি, সিএনএন, আল-জাজিরা, গার্ডিয়ানসহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিবিসি, আল–জাজিরা এবং ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এই রায়ের খবর সরাসরি প্রচার করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ সোমবার শেখ […]
দি বাংলা ভয়েস: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
এই রায় নিয়ে বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, বিবিসি, সিএনএন, আল-জাজিরা, গার্ডিয়ানসহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিবিসি, আল–জাজিরা এবং ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এই রায়ের খবর সরাসরি প্রচার করেছে।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আজ সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিবিসির খবরের শিরোনাম করা হয়েছে—‘নৃশংসভাবে বিক্ষোভ দমনের মামলায় বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড’। এতে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা নিয়ে এখন ভারতের ওপর চাপ বাড়বে। কিন্তু তা সত্ত্বেও তাঁকে ঢাকার কাছে প্রত্যর্পণের তেমন সম্ভাবনা নেই।
বার্তা সংস্থা রয়টার্সের খবরের শিরোনাম করা হয়েছে—‘শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড’। প্রতিবেদনটিতে বলা হয়, দীর্ঘ কয়েক মাসের বিচারপ্রক্রিয়া শেষে বাংলাদেশের একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
আল–জাজিরার লাইভের শিরোনাম করা হয়েছে—‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের হাসিনার মৃত্যুদণ্ড’। এতে বলা হয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর সরকারের সহিংস দমন-পীড়নের জন্য মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, গত বছরের গণ-অভ্যুত্থান দমনের ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে ৭৮ বছর বয়সী পলাতক এই রাজনীতিবিদের অনুপস্থিতিতে তাঁর বিচার হচ্ছে। গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। কিন্তু হাসিনার ছেলে এবং তাঁর উপদেষ্টা সজীব ওয়াজেদ রায়ের প্রাক্কালে রয়টার্সকে বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ না করা পর্যন্ত তাঁরা আপিল করবেন না।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের শিরোনাম—‘মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড’। এতে বলা হয়, ‘সোমবার বাংলাদেশের একটি আদালত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বিচারক রায় পড়ার সময় জনাকীর্ণ আদালতে উল্লাসধ্বনি শুরু হয়।’ এএফপির প্রতিবেদনে আরও বলা হয়, আদালত ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছিলেন, যাতে ছাত্রদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-নিপীড়নের নির্দেশ দিয়েছিলেন কি না, এ–বিষয়ক মামলায় তিনি অংশ নিতে পারেন। কিন্তু তিনি সেই নির্দেশ মানেননি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের শিরোনাম—‘মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড’। এতে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের ছাত্র বিক্ষোভ সহিংসভাবে দমনের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই বিক্ষোভের মুখে তাঁর সরকারের পতন ঘটেছিল।
ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শিরোনাম—‘শেখ হাসিনার মৃত্যুদণ্ড: এখন কী হবে’। তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজনৈতিক শত্রুদের তাড়া করতে ২০০৯ সালে তিনি নিজেই যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, সেটাই তাঁর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনের শিরোনাম—‘ছাত্রদের ওপর দমন-পীড়নের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড’। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের একটি আদালত গত বছর ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। কয়েক মাসের বিচারপ্রক্রিয়া শেষে এ রায় দেওয়া হয়। এমন এক সময়ে এই রায় দেওয়া হলো, যখন আগামী বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।