নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন নির্বাচনটি অবশ্যই অতীতের সব নির্বাচনের তুলনায় সর্বোত্তম হতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন বিশ্বাস করে যে এবারের নির্বাচন সত্যিকার অর্থেই একটি দৃষ্টান্ত স্থাপন করবে। এ কারণে কোনো ধরনের সমন্বয়হীনতা বা দায়িত্ব পালনে গাফিলতির সুযোগ নেই। নির্বাচন ব্যবস্থাপনায় সামান্য ত্রুটি বা অসংগতি নজরে এলে […]
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আসন্ন নির্বাচনটি অবশ্যই অতীতের সব নির্বাচনের তুলনায় সর্বোত্তম হতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন বিশ্বাস করে যে এবারের নির্বাচন সত্যিকার অর্থেই একটি দৃষ্টান্ত স্থাপন করবে। এ কারণে কোনো ধরনের সমন্বয়হীনতা বা দায়িত্ব পালনে গাফিলতির সুযোগ নেই। নির্বাচন ব্যবস্থাপনায় সামান্য ত্রুটি বা অসংগতি নজরে এলে তা সহজভাবে নেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এছাড়া নির্বাচন কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। সভায় আটজন বিভাগীয় কমিশনার, আটজন ডিআইজি, ৬৪ জন জেলা প্রশাসক, ৬৪ জন পুলিশ সুপার, ১০ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২২৬ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এটি কারো কাছে দায়বদ্ধ নয়, কেবল আইনের কাছেই দায়বদ্ধ। মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যেহেতু তারাও নির্বাচন কমিশনের অংশ, তাই তাদের দায়িত্বও শুধু আইনের প্রতি। ভয় পাওয়ার কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে আয়োজন করতে ব্যর্থ হলে সেই ব্যর্থতা শুধু কমিশনের নয়, দেশেরও ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে। অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, আমরা কোথা থেকে কোথায় এসেছি তা ভুলে গেলে চলবে না। তফসিল ঘোষণার পর মাঠ পর্যায়ে গৃহীত প্রায় সব কার্যক্রম আইন মেনেই এবং সাহসিকতার সঙ্গে সম্পন্ন হয়েছে।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব নিয়ে সবাইকে একসাথে মাঠে নামতে হবে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি ও আনসার ভিডিপির কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। তাঁর মতে, সবাই একযোগে কাজ করলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।