যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানসহ আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ অপরাধ ও দুর্নীতির বিষয়ে পুরো মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ নির্দেশনার কথা জানান। এর ফলে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ভ্যান্সের ভূমিকা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ডেমোক্রেটিক পার্টি-শাসিত […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানসহ আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ অপরাধ ও দুর্নীতির বিষয়ে পুরো মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ নির্দেশনার কথা জানান। এর ফলে ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ভ্যান্সের ভূমিকা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ডেমোক্রেটিক পার্টি-শাসিত বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে কথিত অপরাধ, জালিয়াতি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্যান্সকে দায়িত্ব দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, এসব অনিয়ম বন্ধ করা গেলে বিপুল অর্থ সাশ্রয় হবে এবং যুক্তরাষ্ট্রের বাজেটের ঘাটতিও দ্রুত পূরণ করা সম্ভব হতে পারে।
একই বার্তায় ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের অর্থ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ পেয়েছে। তবে এসব বিষয়ে ট্রাম্পের দাবির বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।
ট্রাম্পের এই বক্তব্যের আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়টি বিবেচনা করছিলেন ভ্যান্স। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে কাতারের রাজধানী দোহার কথা ভাবা হচ্ছিল। তবে বৈঠকের তারিখ বা আয়োজনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগে ভ্যান্স সক্রিয় ভূমিকা রাখছিলেন। ট্রাম্পের নতুন নির্দেশের পর সেই উদ্যোগে তাঁর ভূমিকা কতটা থাকবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে ভ্যান্সকে আনুষ্ঠানিকভাবে আলোচনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নাল