ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এবং একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দুই দেশের মধ্যকার নাজুক সমঝোতা নতুন করে চাপে পড়েছে। সাম্প্রতিক উত্তেজনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি টিকবে কি না, তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালিতে শনিবার একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার পর পরিস্থিতি আরও […]
ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা এবং একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে দুই দেশের মধ্যকার নাজুক সমঝোতা নতুন করে চাপে পড়েছে। সাম্প্রতিক উত্তেজনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি টিকবে কি না, তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
হরমুজ প্রণালিতে শনিবার একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হামলায় জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ ক্ষতিগ্রস্ত হলেও নাবিকেরা নিরাপদ রয়েছেন। একই সঙ্গে যৌথ সামুদ্রিক তথ্যকেন্দ্র (জেএমআইসি) হরমুজ অঞ্চলে নৌ চলাচলের ঝুঁকির মাত্রা বাড়িয়েছে।
এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিভিন্ন স্থাপনায় তারা পাল্টা হামলা চালিয়েছে।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক বন্দরের তাহেরুই ঘাট এলাকায় একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ইরান নতুন হামলা চালালে তার জবাব দেওয়া হবে।
ভ্যান্সের এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে আইআরজিসি উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া ইরান দাবি করেছে, তাদের অনুমোদিত নৌপথ ব্যবহার না করে হরমুজ অতিক্রমের চেষ্টা করা কিছু জাহাজের দিকে সতর্কতামূলক গুলিও ছোড়া হয়েছে।
গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চূড়ান্ত শান্তি আলোচনার ভিত্তি হিসেবে করা এই চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
তবে হরমুজে নৌ চলাচলের নিয়ম নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। ইরান বলছে, তাদের অনুমোদন ছাড়া কোনো জাহাজ নির্দিষ্ট নৌপথ ব্যবহার করতে পারবে না। পাশাপাশি ৬০ দিনের অন্তর্বর্তী সময়ের পর ওমানের সঙ্গে সমন্বয় করে নতুন নৌ চলাচল ব্যবস্থা চালুর কথাও জানিয়েছে তেহরান।
অন্যদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার ওপর জোর দিচ্ছে এবং চায় জাহাজগুলো ওমান উপকূলঘেঁষা দক্ষিণের নৌপথ ব্যবহার করুক। বিপরীতে ইরান চাইছে, জাহাজগুলো তাদের নিয়ন্ত্রণাধীন উত্তর দিকের নৌপথ ব্যবহার করুক।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, তেহরানের নির্দেশনা উপেক্ষা করা হলে কঠোর জবাব দেওয়া হবে।
পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে লেবাননে চলমান উত্তেজনা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেও তার কয়েক ঘণ্টার মধ্যেই বৈরুতে বিক্ষোভ শুরু হয়।
হিজবুল্লাহ সমর্থকদের দাবি, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা এই সমঝোতা মেনে নেবেন না। এর মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়াহ এলাকায় নতুন করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা কার্যকর করতে হলে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য যাচাইব্যবস্থা প্রয়োজন হবে।
তার মতে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই বলে জানালেও শুধু মৌখিক আশ্বাস যথেষ্ট নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও কার্যকর যাচাই প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
বর্তমান সমঝোতা অনুযায়ী, ইরানের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম আইএইএর তত্ত্বাবধানে নিম্নমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামে রূপান্তর করার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান বিরোধ এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে শুধু যুদ্ধবিরতিই নয়, মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।