ইরান যুদ্ধ পরিচালনা, সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌযানে প্রাণঘাতী হামলা এবং ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকসহ বিভিন্ন সামরিক কর্মকাণ্ডে আইন ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। সোমবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আটটি অভিযোগের বিবরণ তুলে ধরেন কেনটাকির এই বিদায়ী আইনপ্রণেতা। তাঁর অভিযোগ, হেগসেথ বেআইনি […]
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধ পরিচালনা, সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌযানে প্রাণঘাতী হামলা এবং ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকসহ বিভিন্ন সামরিক কর্মকাণ্ডে আইন ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। সোমবার (৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আটটি অভিযোগের বিবরণ তুলে ধরেন কেনটাকির এই বিদায়ী আইনপ্রণেতা। তাঁর অভিযোগ, হেগসেথ বেআইনি সামরিক নির্দেশ বাস্তবায়ন করেছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় নিয়মকানুন উপেক্ষা করেছেন।
মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের প্রথম অধিবেশন শুরু হলে প্রস্তাবটি উত্থাপন করেন ম্যাসি। এর আগে গত সেপ্টেম্বরে একই আটটি অভিযোগে অভিশংসনের উদ্যোগ নিয়েছিলেন তিনি। তবে সে সময় রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ভোটাভুটি এড়াতে অধিবেশন আগেভাগে শেষ করে আইনপ্রণেতাদের ছুটিতে পাঠান।
সোমবার সংবাদ সম্মেলনে ম্যাসি বলেন, হেগসেথকে দায়িত্ব থেকে সরাতে চান—এমন যেকোনো আইনপ্রণেতার ভোট তিনি স্বাগত জানাবেন। এমনকি প্রস্তাবের বিস্তারিত না পড়েও কেউ যদি হেগসেথের বিরুদ্ধে ভোট দিতে চান, তাতেও তাঁর আপত্তি নেই। ম্যাসির ভাষায়, ‘আমি বুঝতে পারছি, তাঁদের কেউ কেউ শুধু হেগসেথকে বিদায় করতে চান বলেই এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন। তাঁদের ভোটকে আমি স্বাগত জানাই।’
আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই হেগসেথকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ম্যাসি। তাঁর আশঙ্কা, নতুন কংগ্রেস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম এবং হেগসেথের নেতৃত্ব নিয়ে তদন্ত শুরু করবে। এতে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও সাক্ষ্য দিতে হতে পারে।
আট অভিযোগের মধ্যে কী রয়েছে?
ম্যাসির প্রস্তাবে ইরান যুদ্ধসংক্রান্ত চারটি অভিযোগ রয়েছে। তাঁর দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় ভূমিকা রেখে হেগসেথ ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন লঙ্ঘন করেছেন। এই আইনে কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘ সময় সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে নিয়োজিত রাখার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।
ম্যাসির অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি সংঘাত বন্ধে কংগ্রেসের নির্দেশও উপেক্ষা করেছেন হেগসেথ। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রাখার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ইরানের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন বোমা হামলার ঘটনাও অভিশংসন প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। ম্যাসির দাবি, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা দুর্বল করার কারণে ওই হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর দিন স্কুলটিতে হামলায় ১৫০ জনের বেশি মানুষ নিহত হন। তাঁদের মধ্যে বিপুলসংখ্যক শিশু ছিল।
ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারীদের নৌযানে মার্কিন সামরিক হামলাও প্রস্তাবের অন্যতম অভিযোগ। ম্যাসির দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই এসব নৌযানে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। এমনকি হামলার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের ওপর দ্বিতীয় দফায় হামলা এবং বিপদে পড়া নাবিকদের উদ্ধারে ব্যর্থতার অভিযোগও রয়েছে।
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার সামরিক অভিযান নিয়েও প্রশ্ন তুলেছেন ম্যাসি। তাঁর অভিযোগ, প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনি কর্তৃত্ব ছাড়াই বিদেশি রাষ্ট্রের একজন নেতাকে আটক করার নির্দেশ দিয়েছেন হেগসেথ।
এ ছাড়া ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান পরিচালনা এবং ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলির বিরুদ্ধে পেন্টাগনের পদক্ষেপ নিয়েও অভিযোগ রয়েছে। কেলিসহ কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা ও আইনপ্রণেতা ২০২৫ সালের নভেম্বরে এক ভিডিও বার্তায় মার্কিন সেনাদের বেআইনি নির্দেশ পালন না করার কথা বলেছিলেন। এর জবাবে হেগসেথ কেলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ম্যাসির।
হেগসেথের জবাব কী?
অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন হেগসেথ। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, কিছু ব্যক্তি নীতিগত বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু তাঁদের আপত্তি মূলত তাঁর প্রশাসনের সাফল্য নিয়ে। ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান নিয়ে কংগ্রেসে তদন্ত বা বিতর্ক হলে তিনি তা মোকাবিলা করতে প্রস্তুত বলেও জানান।
মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে তাঁর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথের পাশে দাঁড়িয়েছেন। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুটি যুদ্ধে জয়ী হওয়ার কারণেই মূলত হেগসেথের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। ট্রাম্পের দাবি, তাঁর প্রশাসন মধ্যপ্রাচ্য ও ইসরায়েলকে রক্ষা করেছে। ফলে হেগসেথকে অভিশংসনের দাবি তোলা কঠিন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও প্রতিরক্ষামন্ত্রীর কাজের প্রশংসা করেছেন। তাঁর মতে, ব্যাপক সমালোচনা সত্ত্বেও হেগসেথ ভালো কাজ করেছেন। রুবিও ইরান যুদ্ধকে প্রয়োজনীয় বললেও স্বীকার করেছেন, যুদ্ধটি জনমনে জনপ্রিয় নয়।
অভিশংসন প্রস্তাব পাস হলে কী হবে?
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রতিনিধি পরিষদের সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোটে অভিশংসন প্রস্তাব পাস হতে পারে। এরপর বিষয়টি সিনেটে বিচারপ্রক্রিয়ায় যাবে। সেখানে অভিযুক্ত কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরাতে ১০০ সদস্যের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৬৭ জনের সমর্থন প্রয়োজন।
বর্তমান রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস দায়িত্ব নিলে হেগসেথের ওপর রাজনৈতিক চাপ বাড়তে পারে।
প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস ইতিমধ্যে হেগসেথের অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর অভিযোগ, হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন এবং ইরানে একটি ‘বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ’ পরিচালনায় ভূমিকা রেখেছেন।
তবে নতুন কংগ্রেসে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা প্রায় ৫৪ হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে দলটি সংখ্যাগরিষ্ঠতা পেলেও হেগসেথকে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরানোর জন্য প্রয়োজনীয় ৬৭ ভোট পেতে রিপাবলিকানদের একটি অংশের সমর্থনও লাগবে।
নিজ দলের বিরোধিতার মধ্যেও অভিশংসনের উদ্যোগ চালিয়ে যাচ্ছেন ম্যাসি। রিপাবলিকান স্পিকার মাইক জনসন এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, রাজনৈতিক সুবিধা বা সস্তা কৌশলের জন্য মন্ত্রিসভার সদস্যদের অভিশংসন করা উচিত নয়।
সূত্র: আলজাজিরা, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)