যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী তেহরানের একাধিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, এই অভিযানে ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছে। যৌথভাবে পরিচালিত এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী তেহরানের একাধিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, এই অভিযানে ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছে। যৌথভাবে পরিচালিত এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার ফলে এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল তেল আবিবের নিরাপত্তার জন্য সৃষ্ট হুমকি দূর করা। তিনি দাবি করেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কা থাকায় আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে।
এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলজুড়ে জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশব্যাপী বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান, জনসমাবেশ এবং অন্যান্য বড় ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। নাগরিকদের নিরাপদ স্থানে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।