ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ইসলামাবাদ সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তার অভিযোগ, চুক্তি কার্যকর হওয়ার পরও ওয়াশিংটন একের পর এক সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিয়ে সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে, যার ফলে চুক্তিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ বলেন, লেবাননে ইসরায়েলের […]
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ইসলামাবাদ সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তার অভিযোগ, চুক্তি কার্যকর হওয়ার পরও ওয়াশিংটন একের পর এক সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিয়ে সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে, যার ফলে চুক্তিটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফ বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা, দক্ষিণ ইরানে হামলা এবং ইরানের তেল রপ্তানির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে।
তিনি লেখেন, “ইসলামাবাদ চুক্তি মূলত যুক্তরাষ্ট্রের কারণেই ব্যর্থ হয়েছে। ধমক, নিষেধাজ্ঞা এবং জোরজবরদস্তির যুগ শেষ। এসব চাপ দিয়ে ইরানকে নতি স্বীকার করানো যাবে না। আমরা কখনো আত্মসমর্পণ করব না।”
ঘালিবাফের এই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বক্তব্যের পরপরই। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে।
ট্রাম্প বলেন, “সম্প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার মাধ্যমে ইরান ইসলামাবাদ সমঝোতা চুক্তি ভঙ্গ করেছে। তাদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া এখন সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়।”
তিনি আরও দাবি করেন, ইরানের বর্তমান নেতৃত্ব বিশ্বাসযোগ্য নয় এবং পারমাণবিক কর্মসূচি নিয়েও তাদের ওপর আস্থা রাখা সম্ভব নয়। ট্রাম্পের ভাষায়, “চুক্তি থাকুক বা না থাকুক, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।”
এর জবাব হিসেবেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন ঘালিবাফ।
উল্লেখ্য, গত ১৮ জুন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ১৪ দফার ওই চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেবে না এবং উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানোর পদক্ষেপ নেবে বলে সম্মত হয়।
বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ শিথিল এবং নির্দিষ্ট সময়ের জন্য নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি দেয়। চুক্তির শর্ত অনুযায়ী, এসব ব্যবস্থা অন্তত ৬০ দিন কার্যকর থাকার কথা ছিল।
তবে যুক্তরাষ্ট্রের দাবি, গত ৫ জুলাই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করে।
যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে ছিল মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী কাতারি তেলবাহী জাহাজ এমটি আল আল-রেকাইয়াত, সৌদি আরবের পতাকাবাহী এমটি ওয়াদিয়ান এবং লাইবেরিয়ার পতাকাবাহী এমটি সাইপ্রাস প্রসপারিটি।
এর পরদিন মঙ্গলবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের ৮০টি সামরিক ও কৌশলগত স্থাপনায় নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
সেন্টকমের দাবি, এসব হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।
একই সঙ্গে ওয়াশিংটন ইরানের তেল রপ্তানির ওপর পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করে।
অন্যদিকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। তবে ওই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ইসলামাবাদ সমঝোতা কার্যত ভেঙে পড়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ চলতে থাকলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি