উত্তর আমেরিকা সফর শেষ করেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ‘আরিরাং’ বিশ্ব সফরের উত্তর আমেরিকা পর্বে ১২টি শহরে ৩১টি কনসার্ট করেছে দলটি। সবগুলো অনুষ্ঠানই আগাম হাউসফুল হয়ে যায়। পাঁচ মাসের এই সফরে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শক কনসার্টে উপস্থিত ছিলেন। সফরের শেষ পর্ব ছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর সোফাই স্টেডিয়ামে […]
ছবি: সংগৃহীত
উত্তর আমেরিকা সফর শেষ করেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ‘আরিরাং’ বিশ্ব সফরের উত্তর আমেরিকা পর্বে ১২টি শহরে ৩১টি কনসার্ট করেছে দলটি। সবগুলো অনুষ্ঠানই আগাম হাউসফুল হয়ে যায়। পাঁচ মাসের এই সফরে প্রায় ১৯ লাখ ২০ হাজার দর্শক কনসার্টে উপস্থিত ছিলেন।
সফরের শেষ পর্ব ছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত চারটি কনসার্টে প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক উপস্থিত ছিলেন। কনসার্টগুলো Weverse-এ ১৭৭টি দেশ ও অঞ্চল থেকেও দেখা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামেও নতুন রেকর্ড গড়েছে বিটিএস। ২০২১ সালের চারটি কনসার্টসহ এই স্টেডিয়ামে এখন পর্যন্ত মোট আটটি কনসার্ট করেছে দলটি। কোনো সংগীতশিল্পী বা দলের জন্য এটি স্টেডিয়ামটিতে সর্বোচ্চসংখ্যক কনসার্ট। আটটি কনসার্ট মিলিয়ে বিটিএসের দর্শকসংখ্যা প্রায় ৪ লাখ ৯৬ হাজার, যা স্টেডিয়ামটির ইতিহাসে একটি দলের সর্বোচ্চ সমাগম।
উত্তর আমেরিকা সফরে বিটিএসকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নানা আয়োজন হয়েছে। লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর ‘বিটিএস উইক’ ঘোষণা করা হয়। শহরের কর্মকর্তারা ব্যান্ডটির সাংস্কৃতিক অবদানের স্বীকৃতিতে বিশেষ আয়োজন করেন।
টরন্টোতে ২২ ও ২৩ আগস্ট ‘বিটিএস উইকেন্ড’ ঘোষণা করা হয়। কনসার্ট উপলক্ষে ইয়ং স্ট্রিটের একটি অংশ সাময়িকভাবে ‘বিটিএস বুলেভার্ড’ নামে চিহ্নিত করা হয়।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যও ২৭ ও ২৮ আগস্টকে ‘বিটিএস ডে ইন ইলিনয়’ ঘোষণা করে। অন্যদিকে টেক্সাসের এল পাসো কাউন্টিতে ২ ও ৩ মে ‘এল পাসো বিটিএস উইকেন্ড’ পালন করা হয় এবং দলটিকে ‘এস্তিমাদো আমিগো’ বা ‘স্নেহের বন্ধু’ সম্মাননা দেওয়া হয়।
লস অ্যাঞ্জেলেসের শেষ কনসার্টগুলোতেও ভক্তদের নানা আয়োজন ছিল। ১ সেপ্টেম্বর জাংকুকের জন্মদিন উপলক্ষে বিশেষ উদ্যাপন হয়। শেষ কনসার্টে আরএমের আসন্ন জন্মদিনও উদ্যাপন করেন ভক্তরা। স্টেডিয়ামজুড়ে সোনালি ও নীল আলো জ্বালিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়।
উত্তর আমেরিকা পর্ব শেষে এবার দক্ষিণ আমেরিকার দিকে যাচ্ছে বিটিএস। ২ অক্টোবর কলম্বিয়ার বোগোতায় কনসার্টের মাধ্যমে শুরু হবে সফরের এই পর্ব। এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে পারফর্ম করবে দলটি।