সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:১৮ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারি ২০২৬

উসকানিমূলক ভিডিও ঘিরে তীব্র বিতর্কে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি এআই–তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে রাইফেল হাতে গুলি করতে দেখা যায়, যার লক্ষ্যবস্তু হিসেবে মুসলমানদের ছবি ব্যবহার করা হয়েছে। ভিডিওটিকে মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার উসকানি হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকেরা। গত শনিবার বিজেপির আসাম শাখার ভেরিফায়েড এক্স […]

উসকানিমূলক ভিডিও ঘিরে তীব্র বিতর্কে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একটি এআই–তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে রাইফেল হাতে গুলি করতে দেখা যায়, যার লক্ষ্যবস্তু হিসেবে মুসলমানদের ছবি ব্যবহার করা হয়েছে। ভিডিওটিকে মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার উসকানি হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকেরা।

গত শনিবার বিজেপির আসাম শাখার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি দুই মুসলমানের ছবিতে গুলি লাগার দৃশ্য দেখানো হয় এবং পাশে লেখা ছিল—‘কোনো ক্ষমা হবে না’। ব্যাপক সমালোচনার মুখে পড়ে পরে ভিডিওটি মুছে ফেলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভিডিওতে ব্যবহৃত ছবির একজন বিরোধী দল কংগ্রেসের স্থানীয় এক এমপির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ভিডিওর শেষ অংশে হিমন্ত বিশ্বশর্মাকে আমেরিকান কাউবয়ের পোশাকে পিস্তল হাতে দেখানো হয়, সঙ্গে ভেসে ওঠে স্লোগান—‘বিদেশিমুক্ত আসাম’।

এ বিষয়ে বিজেপির আসাম শাখার নেতা রঞ্জিব কুমার শর্মা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘এটি ডিলিট করা হয়েছে। এ নিয়ে আর কোনো মন্তব্য নেই।’

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) নেতা আন্নি রাজা সুপ্রিম কোর্টে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। পাশাপাশি আসাম কংগ্রেসের পক্ষ থেকেও গুয়াহাটির দিসপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। কংগ্রেসের বিধায়ক শিবামুনি বোড়া ও দিগন্ত বর্মণ এ মামলা করেন বলে জানিয়েছে পিটিআই।

এর আগে সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি তেলেঙ্গানা পুলিশের কাছে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সমালোচকেরা বলছেন, মুসলিমবিরোধী বক্তব্য ও কর্মকাণ্ডে হিমন্ত বিশ্বশর্মার দীর্ঘ ইতিহাস রয়েছে। আসামে আগামী মার্চ–এপ্রিলে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে বিজেপির মুসলিমবিদ্বেষী প্রচারণার অংশ হিসেবেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি আসামের বাংলা ভাষাভাষী মুসলমানদের বিরুদ্ধে নতুন করে বিষোদ্গার চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাদের বিরুদ্ধে অপরাধ ও জনসংখ্যাগত পরিবর্তনের অভিযোগ তুলে বিভিন্ন সময় উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি। গত জানুয়ারিতে এক বক্তব্যে তিনি বলেন, ‘রিকশা ভাড়া কম দেওয়ার মতো ছোট কাজের মাধ্যমেও তাদের সমস্যায় ফেলতে হবে, যাতে তারা আসাম ছাড়তে বাধ্য হয়।’

এর আগেও গত সেপ্টেম্বরে আসাম বিজেপি এআই–তৈরি একটি ভিডিও প্রচার করে, যেখানে দাবি করা হয়, মুসলমানরা রাজ্যের সবকিছু দখল করে নিচ্ছে। এ ধরনের প্রচারণা রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ