ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছয় দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার (৪ জুলাই) তেহরানে শুরু হচ্ছে। তার মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর শুরু হতে যাওয়া এই রাষ্ট্রীয় আয়োজনকে ইরানি কর্মকর্তারা “শতাব্দীর সেরা অন্ত্যেষ্টিক্রিয়া” হিসেবে বর্ণনা করছেন। ইরান সরকার মনে করছে, এই শেষ বিদায়ে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে। […]
ছবি: সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছয় দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার (৪ জুলাই) তেহরানে শুরু হচ্ছে। তার মৃত্যুর চার মাসেরও বেশি সময় পর শুরু হতে যাওয়া এই রাষ্ট্রীয় আয়োজনকে ইরানি কর্মকর্তারা “শতাব্দীর সেরা অন্ত্যেষ্টিক্রিয়া” হিসেবে বর্ণনা করছেন।
ইরান সরকার মনে করছে, এই শেষ বিদায়ে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে। এত বড় পরিসরের রাষ্ট্রীয় প্রস্তুতি ইরানে এর আগে কখনও দেখা যায়নি। আয়োজনের মাধ্যমে তেহরান একদিকে জনসমর্থন প্রদর্শন করতে চায়, অন্যদিকে খামেনির পরবর্তী নেতৃত্বের প্রতি আস্থা ও ঐক্যের বার্তাও দিতে চায়।
প্রস্তুতির অংশ হিসেবে তেহরানজুড়ে স্থাপন করা হয়েছে হাজার হাজার সেবাকেন্দ্র, যেগুলো স্থানীয়ভাবে মাওকিব নামে পরিচিত। একই সঙ্গে ১০ লাখের বেশি দর্শনার্থীর থাকার ব্যবস্থা রাখা হয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণে রাজধানীর কেন্দ্রস্থলে নির্ধারিত চলাচলপথ তৈরি করা হয়েছে।
পুরো কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের তেহরানভিত্তিক প্রধান প্রাদেশিক ইউনিট মোহাম্মদ রাসুলুল্লাহ কোর। জানাজা, দাফন ও অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নিতে তেহরানে আসা রাজনৈতিক, ধর্মীয় ও নিরাপত্তা-সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তাদের ধারণা, এই অনুষ্ঠানে কয়েক ডজন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার ও মন্ত্রীরা অংশ নেবেন। প্রায় ৮০০ জন বিদেশি সাংবাদিক এই আয়োজন কাভার করবেন বলেও আশা করা হচ্ছে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদও তেহরানে গেছেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে।
জানাজার প্রতীক হিসেবে ইরানি কর্তৃপক্ষ মুষ্টিবদ্ধ হাত ও ‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগান নির্ধারণ করেছে। শনিবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় ছয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। রোববার বিকাল পর্যন্ত সাধারণ মানুষ সেখানে গিয়ে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
মোহাম্মদ রাসুলুল্লাহ কোরের কমান্ডার হাসান হাসানজাদেহ জানিয়েছেন, খামেনির কফিন একটি উঁচু মঞ্চে রাখা হবে। দর্শনার্থীরা এমনভাবে প্রবেশ ও বের হতে পারবেন, যাতে প্রত্যেকে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শ্রদ্ধা নিবেদন শেষ করতে পারেন।
মঙ্গলবার খামেনির মরদেহ তেহরানের দক্ষিণের কোম শহরে নেওয়া হবে। সেখানে শিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান জামকারান মসজিদে জানাজার নামাজে ইমামতি করবেন শিয়ার জ্যেষ্ঠ আলেম।
বুধবার মরদেহ ইরাকের নাজাফে নেওয়া হবে। সেখান থেকে কারবালায় ইসলামের খলিফা আলীর সমাধিস্থলে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, ইরাকের বিভিন্ন গোষ্ঠীর অনুরোধেই এসব কর্মসূচি রাখা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বাগদাদ সফরে গিয়ে এ আয়োজনের প্রতীকী গুরুত্বের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, এই শেষকৃত্য শুধু ব্যক্তিগত শোক নয়, বরং অঞ্চলজুড়ে ইরানের ধর্মীয় ও রাজনৈতিক সম্পর্কেরও প্রতিফলন।
বৃহস্পতিবার খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। শিয়া ইসলামের অষ্টম ইমামের সমাধিস্থল এবং ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান ইমাম রেজার সমাধিস্থলে তাকে সমাহিত করা হবে। প্রতিবছর লাখো মানুষ এই স্থান পরিদর্শন করেন।
দাফনের পরও দেশে আরও ৪০ দিন শোকানুষ্ঠান চলবে। এরপর দাফনের প্রথম বার্ষিকী পর্যন্ত বিভিন্ন স্মরণসভা ও কর্মসূচির পরিকল্পনাও রয়েছে।
খামেনির শেষকৃত্য এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসলামি প্রজাতন্ত্র ইরান রাজনৈতিক ও সামাজিক নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশ্লেষকদের মতে, আদর্শভিত্তিক রাজনৈতিক ব্যবস্থায় নেতাদের শেষকৃত্য শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এর রাজনৈতিক অর্থও থাকে।
কারও কারও মতে, এই আয়োজন ইরানের রাষ্ট্রীয় ঐক্য দেখানোর এবং খামেনি-পরবর্তী নেতৃত্বের বৈধতা জোরদারের একটি সুযোগ। এটি নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন প্রদর্শনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে সবাই একমত নন। কিছু বিশ্লেষক মনে করেন, এত বড় পরিসরের জনসমাবেশও ইরানের গভীর রাজনৈতিক ও সামাজিক বিভাজন দূর করতে পারবে না। বিশেষ করে মোজতবা খামেনি ও তার ভাইবোনেরা বাবার দাফনে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।
কারণ গত বছরের ১২ দিনের যুদ্ধের পর থেকে খামেনির ছেলেদের জনসমক্ষে দেখা যায়নি। এছাড়া ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারির এক হামলায় মোজতবা খামেনির স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আয়োজক কমিটির সম্পাদক আলী আকবর পুরজামশিদিয়ান সম্প্রতি জানান, মোজতবা অনুষ্ঠানে থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কার্যালয় এবং সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে জানানো হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জানাজার নামাজে কে ইমামতি করবেন। শিয়া ঐতিহ্যে এই দায়িত্বের ধর্মীয় ও রাজনৈতিক—দুই ধরনের তাৎপর্যই রয়েছে।
বিশ্লেষকদের মতে, মোজতবা যদি জনসমক্ষে উপস্থিত হন, তাহলে সেটি ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হতে পারে।
সূত্র: বিবিসি বাংলা।