সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৯ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে ছিল ৩ বছরের সন্তান

অতিরিক্ত কোকেন সেবনের পর শিশু সন্তানকে নিয়ে লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য মেহরা আল নাহিয়ান। ৩২ বছর বয়সী এই নারীকে গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তাঁর তিন বছর বয়সী সন্তান অভিভাবকহীন অবস্থায় রাস্তায় ঘুরছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম […]

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে ছিল ৩ বছরের সন্তান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অতিরিক্ত কোকেন সেবনের পর শিশু সন্তানকে নিয়ে লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য মেহরা আল নাহিয়ান। ৩২ বছর বয়সী এই নারীকে গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তাঁর তিন বছর বয়সী সন্তান অভিভাবকহীন অবস্থায় রাস্তায় ঘুরছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটি একপর্যায়ে দ্রুতগতির যানবাহনের কাছাকাছি চলে যায়। দুর্ঘটনার আশঙ্কায় পথচারীরা শিশুটির দিকে নজর দেন এবং তার দেখাশোনা শুরু করেন।

প্রায় ৩০ মিনিট অচেতন ছিলেন মেহরা

প্রতিবেদন অনুযায়ী, রাত পৌনে দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগপর্যন্ত পথচারীরা শিশুটির দেখাশোনা করেন। প্রায় ৩০ মিনিট অচেতন থাকার পর মেহরার জ্ঞান ফেরে। তখন আশপাশের মানুষের উদ্বেগের জবাবে তিনি বিরক্তি প্রকাশ করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি নিয়ে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মামলা হয়। গত মঙ্গলবার শুনানিতে সন্তানের প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেন মেহরা।

আদালতে জানানো হয়, ঘটনার সময় তাঁর শরীরে মাদকের প্রভাব ছিল বলে অভিযোগ ওঠে। তবে মেহরার আইনজীবী স্টিফেন ভুলো কেসি দাবি করেন, যেদিন তাঁকে রাস্তায় অচেতন অবস্থায় পাওয়া যায়, সেদিন তিনি কোকেন সেবন করেননি। এর আগের কয়েক দিনে মাদক সেবনের কারণে তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন।

আদালতকে আরও জানানো হয়, মেহরাকে তল্লাশি করে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক উদ্ধার হয়নি। ঘটনার পর তাঁকে মাদকাসক্তির চিকিৎসার জন্য একটি নিরাময়কেন্দ্রে ভর্তি করা হয়।

সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আদালতের

মেহরার আইনজীবী আদালতে বলেন, নিজের আচরণের জন্য তিনি অনুতপ্ত। মাদকাসক্তি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়ে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। ওই দিনের ঘটনা যে গুরুতর ভুল ছিল, তা তিনি উপলব্ধি করেছেন।

বিচারক জাস্টিস জনসন কেসি বলেন, পথচারীরা এগিয়ে না এলে শিশুটির বড় ধরনের ক্ষতি হতে পারত। শিশুটি যানবাহনের ধাক্কায় আহত হতে পারত, হারিয়ে যেতে পারত কিংবা অপরিচিত কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারত।

এ ছাড়া কাছাকাছি দুজন প্রাপ্তবয়স্ককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে শিশুটির মনে ভয় ও মানসিক আঘাত তৈরি হওয়ার আশঙ্কাও ছিল বলে মন্তব্য করেন বিচারক।

আদালত মেহরা আল নাহিয়ানকে দুই বছরের কমিউনিটি অর্ডারের আওতায় রেখেছেন। একই সঙ্গে তাঁকে পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা করা হয়েছে।

আদালতে আরও জানানো হয়, বিয়ের সূত্রে মেহরা সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য হয়েছেন। তিনি যুক্তরাজ্যে প্রতি মাসে ৮ হাজার পাউন্ড সরকারি ভাতা পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ