ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে শিগগিরই দিল্লি সফরে যেতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার […]
ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে শিগগিরই দিল্লি সফরে যেতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। তিনি ভারতের পক্ষ থেকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, পারস্পরিক সম্মান, আস্থা ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ে তুলতে ঢাকা আগ্রহী। তিনি দুই দেশের মধ্যে সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন।
উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন। পাশাপাশি, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।