সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতি ডলার ১২২ টাকা ধরে এর দেশীয় মুদ্রায় পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নতুন বছরের প্রথম মাসে আসা এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের জানুয়ারিতে প্রবাসী আয় […]
ছবি: সংগৃহীত
সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৭ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতি ডলার ১২২ টাকা ধরে এর দেশীয় মুদ্রায় পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নতুন বছরের প্রথম মাসে আসা এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের জানুয়ারিতে প্রবাসী আয় এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ৯৮ কোটি ৫০ লাখ ডলার।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম সাত মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১ হাজার ৫৮৬ কোটি ২০ লাখ ডলার। ফলে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩৪৭ কোটি ৪০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে। ঈদকে কেন্দ্র করে ওই মাসে দেশে এসেছিল ৩২৯ কোটি মার্কিন ডলার। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল একই অর্থবছরের মে মাসে, যার পরিমাণ ছিল ২৯৭ কোটি ডলার।
তবে ওই দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ভেঙে দেয় সদ্য বিদায়ী ডিসেম্বর মাস। বিজয়ের মাস ডিসেম্বরে প্রবাসীরা দেশে পাঠান ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।
চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের হিসাব অনুযায়ী— জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০২৪–২৫ অর্থবছরে পুরো বছরে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।