জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। ভূমিকম্পের প্রভাবে কিউশু অঞ্চলের হাজারো পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, কম্পনের কেন্দ্র ছিল কিউশু দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। দেশটির শিন্দো ভূমিকম্প পরিমাপ স্কেলে […]
ছবি: সংগৃহীত
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। ভূমিকম্পের প্রভাবে কিউশু অঞ্চলের হাজারো পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, কম্পনের কেন্দ্র ছিল কিউশু দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। দেশটির শিন্দো ভূমিকম্প পরিমাপ স্কেলে এর সর্বোচ্চ তীব্রতা ছিল ৭।
জেএমএর পূর্বাভাস অনুযায়ী, ভূমিকম্পের পর উপকূলে সর্বোচ্চ এক মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিছু এলাকায় সম্ভাব্য ঢেউ ইতোমধ্যে পৌঁছে থাকতে পারে।
জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে দেশের কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিক পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের পর কুমামোতো অঞ্চলে প্রায় ৪৫ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে তারা নিশ্চিত করেছে, ওই এলাকায় সচল থাকা তিনটি পারমাণবিক রিয়্যাক্টর নিরাপদভাবে পরিচালিত হচ্ছে।
ভূমিকম্পের প্রায় আধা ঘণ্টা পর এনএইচকের এক প্রতিবেদক সরাসরি সম্প্রচারে জানান, কম্পনের প্রভাব তখনও অনুভূত হচ্ছিল। তিনি বলেন, সংবাদকক্ষ এতটাই কেঁপে উঠেছিল যে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে পড়েছিল।
তিনি আরও বলেন, প্রধান ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সূত্র: এএফপি, এনএইচকে