সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৩:৪৬ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জাল নোট ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশনা

সামাজিক যোগাযোগমাধ্যম ও বাজারে আসল নোটের অনুকরণে তৈরি ‘নমুনা নোট’ বা কাগজ ব্যবহার করে বিভিন্ন প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে বাজারে জাল নোটের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা […]

জাল নোট ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সামাজিক যোগাযোগমাধ্যম ও বাজারে আসল নোটের অনুকরণে তৈরি ‘নমুনা নোট’ বা কাগজ ব্যবহার করে বিভিন্ন প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে বাজারে জাল নোটের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ছে, যেখানে আসল নোটের নকশা ও আকারের আদলে তৈরি, তবে তুলনামূলক বড় আকারের ‘নমুনা নোট’ ব্যবহার করে ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি, বাজার ও উন্মুক্ত স্থানে আসল টাকার মতো দেখতে কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের মার্কেটিং কার্যক্রম পরিচালনার ঘটনাও লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, এ ধরনের কার্যক্রম জাল নোটের প্রচলন বাড়াতে সহায়ক ভূমিকা রাখে এবং দেশের সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনায় গুরুতর ঝুঁকি সৃষ্টি করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসল নোটের অনুরূপ কাগজ বা নথি তৈরি, তা প্রচারণায় ব্যবহার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শনের উদ্দেশ্যে ভিডিও বা ছবি প্রস্তুত করা আইনত অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এমন কোনো বস্তু তৈরি, ব্যবহার বা বিতরণ করে যা প্রচলিত ব্যাংক নোটের মতো দেখতে এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাহলে সেটিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।

এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি, ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজব ছড়ালে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় সাধারণ মানুষকে জাল নোট প্রতিরোধে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও অননুমোদিত প্রচারণা থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিরাপদ লেনদেন নিশ্চিত করতে আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন হওয়া এবং নোট ব্যবহারে যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আসল নোট শনাক্ত করার বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ