সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
২:২৬ অপরাহ্ন, ১১ জুন ২০২৬

জুলাই যোদ্ধাদের সহায়তায় বরাদ্দ কমলো প্রায় ৩০০ কোটি টাকা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা এবং আহতদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২১০ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা কম। বাজেট নথি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ ছিল ৪০৫ কোটি […]

জুলাই যোদ্ধাদের সহায়তায় বরাদ্দ কমলো প্রায় ৩০০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা এবং আহতদের চিকিৎসাসেবা প্রদানের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২১০ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা কম।

বাজেট নথি অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য বরাদ্দ ছিল ৪০৫ কোটি ২০ লাখ টাকা। পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে সেই বরাদ্দ বৃদ্ধি পেয়ে ৫০৫ কোটি ২০ লাখ টাকায় উন্নীত হয়। তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমিয়ে ২১০ কোটি ৮৬ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। ফলে এক বছরের ব্যবধানে এ খাতে বরাদ্দ কমেছে প্রায় ২৯৪ কোটি টাকা।

এদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি এবং ঋণের সুদ পরিশোধের চাপের কারণে আগামী অর্থবছরে সরকারের ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হলেও প্রস্তাবিত বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকছে। পাশাপাশি মূল্যস্ফীতি কমিয়ে সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত সরকারের বাজেট নিয়ে জনগণের প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক উন্নয়নের সুফল যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। সরকারের দাবি, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য অর্জনের ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট।

আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। যদিও গত তিন বছর ধরে প্রবৃদ্ধি ৪ শতাংশের আশপাশে অবস্থান করছে। অন্যদিকে বিশ্বব্যাংক আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের জন্য আগামী অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, উচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্য, বড় বাজেট ঘাটতি এবং কমে যাওয়া কিছু সামাজিক বরাদ্দ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে সরকার আশাবাদী, পরিকল্পিত বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে প্রবৃদ্ধির গতি বাড়ানো সম্ভব হবে।

সূত্র: ঢাকা ট্রিবিউন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ