বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল খেলোয়াড় ট্রাভিস কেলসির প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। দীর্ঘদিন ধরেই তাদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছিল। এর মধ্যেই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নেওয়া নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন […]
ছবি: সংগৃহীত
বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবল খেলোয়াড় ট্রাভিস কেলসির প্রেমের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। দীর্ঘদিন ধরেই তাদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছিল। এর মধ্যেই নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নেওয়া নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র। সেখানে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য বিভিন্ন বড় আয়োজনের কথা উল্লেখ করতে গিয়ে তিনি হঠাৎ টেইলর সুইফটের বিয়ের প্রসঙ্গ তুলে ধরেন।
জোহরান মামদানি বলেন, “আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদ্যাপন। এবার একই সময়ে টেইলর সুইফটের বিয়েও হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।”
মেয়রের এমন মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কারণ এখন পর্যন্ত টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি কেউই তাদের বিয়ের তারিখ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে অনেকেই ধারণা করছেন, মেয়র হয়তো অসাবধানতাবশত এমন কোনো তথ্য প্রকাশ করেছেন যা এখনও জনসমক্ষে আসেনি।
পরে বিষয়টি নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বিষয়টিকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করেন। বিয়ের অনুষ্ঠানে তার আমন্ত্রণ আছে কি না জানতে চাইলে তিনি হেসে বলেন, “না, আমন্ত্রণ পাইনি। আর যাচ্ছিও না। তবে আমি তাদের জন্য সুন্দর এক বিয়ে অনুষ্ঠানের শুভকামনা জানাই।”
এরপর মজার ছলেই তিনি টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’-এর প্রসঙ্গ টেনে বলেন, “আমি বাড়িতে বসেই গানটা শুনবো।”
এদিকে মার্কিন কয়েকটি বিনোদনভিত্তিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। গুঞ্জন রয়েছে, অনুষ্ঠানের সম্ভাব্য ভেন্যু হিসেবে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন বিবেচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনো টেইলর সুইফট, ট্রাভিস কেলসি কিংবা তাদের প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিয়ের অতিথি তালিকা নিয়েও চলছে নানা জল্পনা। বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখের উপস্থিতির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, কার্লি ক্লস, এড শিরান, হেইম বোনেরা, জিজি হাদিদ এবং সেলেনা গোমেজ।
উল্লেখ্য, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্ক প্রকাশ্যে আসে। এরপর থেকেই তারা আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম আলোচিত তারকা জুটিতে পরিণত হন। ২০২৫ সালের আগস্টে ট্রাভিস কেলসির বিয়ের প্রস্তাবের খবর প্রকাশ্যে এলে তাদের সম্পর্ক নতুন মাত্রা পায়। এরপর থেকেই বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা চলছিল।