মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পোস্ট প্রচার এবং যুক্তরাষ্ট্রে ভারত সরকারের পক্ষে যোগাযোগ ও তদবিরের কাজে মাসে ৭৫ হাজার ডলার ব্যয়ে একটি লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছিল ভারত। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পোস্ট প্রচার এবং যুক্তরাষ্ট্রে ভারত সরকারের পক্ষে যোগাযোগ ও তদবিরের কাজে মাসে ৭৫ হাজার ডলার ব্যয়ে একটি লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছিল ভারত। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) অধীনে জমা দেওয়া নথিতে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৭ নভেম্বর) দ্য ওয়ারের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের পরিচালিত মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের একটি লবিং ফার্মকে মাসিক ৭৫ হাজার ডলার রিটেইনার ফিতে নিয়োগ দেওয়া হয়েছিল। গত জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক দীর্ঘমেয়াদি অবস্থান ও যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘিরে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক বার্তা প্রচারের উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি কাজ করে।
ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টের আয়োজনও করেছিল প্রতিষ্ঠানটি। ওই পোস্টে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে পোস্টটির সুনির্দিষ্ট বিষয়বস্তু ও প্রকাশের প্রেক্ষাপট সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
মারকারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পৃক্ততাও রয়েছে। ট্রাম্পের পুনর্নির্বাচনের পর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করা হয়। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা প্রতিষ্ঠানটির মূল দলের অংশ ছিলেন। এ ছাড়া ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও সেখানে নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।
এদিকে, ট্রাম্পের আরেক সহায়ক জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের একটি প্রতিষ্ঠানও ভারত সরকারের পক্ষে কাজ করেছে। ফ্যারার নথি অনুযায়ী, ২০২৬ সালের মে ও জুন মাসে প্রতিষ্ঠানটি ভারত সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করে। এসব যোগাযোগকে নথিতে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আলোচনার বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
ভারতের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি হয়েছিল ২০২৫ সালের এপ্রিলে। পরে গত এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে মাসে দেড় লাখ ডলারের চুক্তি ছিল প্রতিষ্ঠানটির। তবে জেসন মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর ২৩ জুন চুক্তিটির অবসান ঘটে।
নথিতে বলা হয়েছে, এসএইচডব্লিউ পার্টনার্স মার্কিন সরকার, কংগ্রেস, বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ ও যোগাযোগের সহায়তা দিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে প্রতিষ্ঠানটি ভারতের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জিন ল্যাঞ্জের যোগাযোগের ব্যবস্থা করে।
রুবিওর সফরের পর জুন মাসে ভারতের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি-বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তি বা সরকারের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী এজেন্টদের নিজেদের কাজের বিবরণ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের তথ্য নিয়মিত প্রকাশ করতে হয়। এসব নথির মাধ্যমেই ভারত সরকারের সঙ্গে মার্কিন লবিং প্রতিষ্ঠানগুলোর চুক্তি ও কার্যক্রমের তথ্য সামনে এসেছে।
সূত্র: দ্য ওয়ার