ব্রিফিংয়ে একাধিক ভুল, আইনজীবী পরিচয় নিয়েও প্রশ্ন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খান তিনি। এরপরই প্রশ্ন উঠেছে, আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া ক্যাটির যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে আইন পেশা পরিচালনার বৈধ লাইসেন্স আছে কি না। […]
ছবি: সংগৃহীত
ব্রিফিংয়ে একাধিক ভুল, আইনজীবী পরিচয় নিয়েও প্রশ্ন
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খান তিনি। এরপরই প্রশ্ন উঠেছে, আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া ক্যাটির যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে আইন পেশা পরিচালনার বৈধ লাইসেন্স আছে কি না।
বিতর্কের সূত্রপাত হয় যুক্তরাষ্ট্রের নজরদারিমূলক সংস্থা ‘ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি’ ক্যালিফোর্নিয়া স্টেট বারে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার পর। সংস্থাটির অভিযোগ, ক্যাটি জ্যাকারিয়া বিভিন্ন টেলিভিশন টকশোতে এবং ক্যালিফোর্নিয়ার একটি রক্ষণশীল অলাভজনক প্রতিষ্ঠানের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে নিজেকে আইনজীবী পরিচয়ে উপস্থাপন করেছেন। এতে তাঁর পেশাগত যোগ্যতা সম্পর্কে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি সংস্থাটির।
প্রেস সেক্রেটারি হিসেবে ক্যাটির নাম ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে পরবর্তী অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে তাঁর আইন পেশা পরিচালনার লাইসেন্স থাকার প্রামাণ্য নথি পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ক্যালিফোর্নিয়া স্টেট বার জানিয়েছে, ক্যাটির বিবাহিত নাম কিংবা আগের নাম—কোনোটিতেই তাঁর লাইসেন্সের রেকর্ড নেই। তিনি ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে ডিগ্রি অর্জন করেন। তবে যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে ডিগ্রি থাকলেই আইন পেশা পরিচালনা করা যায় না। এর জন্য সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নির্ধারিত বার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং প্রয়োজনীয় লাইসেন্স অর্জন করতে হয়।
বিতর্ক আরও জোরালো হয় মঙ্গলবারের ১৪ মিনিটের সংবাদ সম্মেলনে। এক সাংবাদিক ক্যাটির কাছে জানতে চান, তিনি কোন অঙ্গরাজ্য থেকে বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু প্রশ্নটির সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘যখন আমি চীনে যাই।’
ক্যাটির পেশাগত প্রোফাইল অনুযায়ী, তিনি বেইজিংয়ের একটি আইন প্রতিষ্ঠানে কাজ করেছেন। তবে চীনে বিদেশি নাগরিকদের আইনজীবী হিসেবে কাজ করার ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। ফলে তাঁর দেওয়া উত্তর নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে এক বিবৃতিতে ক্যাটি জানান, তিনি আন্তর্জাতিক লেনদেনসংক্রান্ত আইনে কাজ করেছেন এবং এ জন্য প্রয়োজনীয় যোগ্যতা তাঁর রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে তাঁর আইন পেশা পরিচালনার লাইসেন্স আছে কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট উত্তর দেননি।
ক্যাটির প্রথম সংবাদ সম্মেলন নিয়ে সমালোচনা শুধু তাঁর পেশাগত যোগ্যতায় সীমাবদ্ধ থাকেনি। ব্রিফিংয়ের সময় বেশির ভাগ ক্ষেত্রে লিখিত নোট দেখে কথা বলেন তিনি। মাত্র তিনটি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেন। একপর্যায়ে ভুল করে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজের ‘স্বামী’ বলেও সম্বোধন করেন।
হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি এবং বর্তমানে টেলিভিশন উপস্থাপক জেন সাকি সংবাদ সম্মেলনটির সমালোচনা করে একে কমেডি অনুষ্ঠান ‘স্যাটারডে নাইট লাইভ’-এর সঙ্গে তুলনা করেছেন।
তবে এসব সমালোচনার মধ্যেও ক্যাটির পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি তাঁর নতুন মুখপাত্রের প্রথম ব্রিফিংকে সফল বলে মন্তব্য করেছেন।
গত আগস্টে ক্যারোলিন লিভিট দায়িত্ব ছাড়ার পর ৪১ বছর বয়সী ক্যাটি জ্যাকারিয়াকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া স্টেট বারে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বিষয়টি তদন্তের পর্যায়ে রয়েছে। তাঁর পেশাগত পরিচয় ও যোগ্যতা নিয়ে বিতর্কের পাশাপাশি তদন্তের ফলাফলও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: একাত্তর