সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৫৫ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫

ডিপ ফেইক মোকাবিলায় সাংবাদিকদের এআই লিটারেসি জরুরি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতার কাজকে সহজ করলেও এটি নতুন ও গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। ভয়াবহ মিথ্যা তথ্য ও ডিপ ফেইকের ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের অবশ্যই ‘এআই লিটারেসি’ অর্জন করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়োজিত সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ […]

ডিপ ফেইক মোকাবিলায় সাংবাদিকদের এআই লিটারেসি জরুরি: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সাংবাদিকতার কাজকে সহজ করলেও এটি নতুন ও গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। ভয়াবহ মিথ্যা তথ্য ও ডিপ ফেইকের ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের অবশ্যই ‘এআই লিটারেসি’ অর্জন করতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়োজিত সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শনিবার তিনি এসব কথা বলেন। ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ‘এআই পাওয়ার্ড জার্নালিজম’ শীর্ষক কর্মশালার শেষ দিন অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব বলেন, এআই-পাওয়ার্ড জার্নালিজম এমন একটি বিষয়, যা এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সাংবাদিকদের সবাইকে সমানভাবে এ বিষয়ে জানতে হবে। এআই টুলস একদিকে সাংবাদিকতার মান ও দক্ষতা বাড়াবে, অন্যদিকে ডিপ ফেইক শনাক্ত করতে সহায়তা করবে—কোনটি এআই দ্বারা তৈরি, আর কোনটি নয়, তা বুঝতে সাহায্য করবে।

তিনি বলেন, চ্যাটজিপিটি বা অন্য কোনো এআই টুল যে তথ্য দিচ্ছে, তা সত্য কি না—এটি যাচাই করার দায়িত্ব সাংবাদিকেরই। এআই ব্যবহার করলেও সাংবাদিককে নিজের শ্রম ও যাচাই-বাছাই চালিয়ে যেতে হবে। বরং এআই কোথায় ভুল করছে, তা ধরতে গেলে আরও বেশি মনোযোগ ও পরিশ্রম প্রয়োজন হয়। তবে সঠিক ব্যবহারে এআই কাজকে সহজ করবে এবং সক্ষমতা বাড়াবে।

শফিকুল আলম বলেন, বর্তমানে এআইয়ের সবচেয়ে বড় বিপদ হলো ডিপ ফেইক। প্রতিদিন হাজার হাজার ভুয়া ভিডিও, ছবি ও ফটোকার্ড ছড়িয়ে পড়ছে। এই তথ্যের স্রোতে কোনটি সত্য আর কোনটি মিথ্যা—তা আলাদা করা দিন দিন কঠিন হয়ে উঠছে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে এআইয়ের অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে এআই সবচেয়ে ভয়ংকরভাবে ব্যবহার করা হচ্ছে মাইনরিটিদের বিরুদ্ধে। বিভিন্ন দেশে সংখ্যালঘু সুরক্ষার কথা বলা হলেও বাস্তবে এআইয়ের মাধ্যমে তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা এখন এআইয়ের প্রাথমিক পর্যায়ে আছি। খুব শিগগিরই এমন ভিডিও টুলস আসবে, যেখানে আমার কণ্ঠ, ছবি ও ভিডিও ব্যবহার করে আমাকে দিয়ে দীর্ঘ বক্তব্য তৈরি করা সম্ভব হবে। সাংবাদিকেরা হয়তো যাচাই করে বুঝতে পারবেন, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ তা সহজে বুঝতে পারবে না।

প্রেস সচিব বলেন, আমরা এমন এক সময়ে প্রবেশ করেছি, যেখানে প্রত্যেক সাংবাদিককেই ফ্যাক্ট চেকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। প্রকৃতপক্ষে এই দায়িত্ব সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নেওয়া উচিত হলেও তারা ‘ফ্রিডম অব প্রেস’-এর অজুহাতে তা এড়িয়ে যাচ্ছে। এসব প্ল্যাটফর্মে ঘৃণা ও বিভ্রান্তি ছড়িয়ে সমাজ অশান্ত হলেও কার্যকর জবাবদিহি নেই।

শেষে তিনি বলেন, এআই আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি সাংবাদিকতার সামনে বড় চ্যালেঞ্জও তৈরি করেছে। তাই এআই লিটারেসি এখন সময়ের দাবি। কেউ যদি বলেন তিনি এআই লিটারেসি জানেন না, তাহলে তার সাংবাদিকতায় যুক্ত থাকা উচিত নয়। সবাইকে আহ্বান—এআই সাংবাদিকতা শিখতে হবে, এবং সেটি শিখতেই হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ