চলতি ডিসেম্বর মাসের শুরু থেকেই প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মাসের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ২ বিলিয়ন বা ২০০ কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স। এই প্রবণতা অব্যাহত থাকলে ডিসেম্বর শেষে মোট রেমিট্যান্স সাড়ে ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতি সংশ্লিষ্টরা। তাদের মতে, এটি দেশের সামষ্টিক অর্থনীতির জন্য একটি […]
চলতি ডিসেম্বর মাসের শুরু থেকেই প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মাসের প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ২ বিলিয়ন বা ২০০ কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স।
এই প্রবণতা অব্যাহত থাকলে ডিসেম্বর শেষে মোট রেমিট্যান্স সাড়ে ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতি সংশ্লিষ্টরা। তাদের মতে, এটি দেশের সামষ্টিক অর্থনীতির জন্য একটি ইতিবাচক সংকেত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুধু ১৭ ডিসেম্বরেই দেশে এসেছে ১৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। আর ১ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২০০ কোটি ডলারে।
গত বছরের একই সময়ে দেশে প্রবাসী আয় এসেছিল ১৭৬ কোটি ডলার। সে হিসেবে চলতি বছরের ডিসেম্বরে প্রথম ১৭ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৪ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫০৫ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ২৯০ কোটি ডলার। ফলে অর্থবছরের প্রথম সাড়ে পাঁচ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৭ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, প্রবাসী আয়ে নগদ প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতিতেও স্বস্তি ফিরেছে।
এদিকে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে বর্তমানে ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্তও সৃষ্টি হয়েছে। ফলে বৈদেশিক মুদ্রার যোগান ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ২ হাজার ৮৭১ মিলিয়ন বা প্রায় ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার কিনেছে।