ঢাকা ও আশপাশের এলাকার স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ৩৭০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নির্বাহী পরিচালনা পর্ষদের সভায় এই অর্থায়ন অনুমোদন দেওয়া হয়। এর ফলে ঢাকার পানি দূষণ কমানো এবং নদী ও খাল পুনরুদ্ধারের কাজ জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাংক জানায়, ‘দ্য […]
ছবি - সংগৃহীত
ঢাকা ও আশপাশের এলাকার স্যানিটেশন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ৩৭০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির প্রধান কার্যালয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নির্বাহী পরিচালনা পর্ষদের সভায় এই অর্থায়ন অনুমোদন দেওয়া হয়। এর ফলে ঢাকার পানি দূষণ কমানো এবং নদী ও খাল পুনরুদ্ধারের কাজ জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বব্যাংক জানায়, ‘দ্য মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক কর্মসূচির আওতায় বৃহত্তর ঢাকায় পানি নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় ও জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা হবে। দেশের মোট জিডিপির প্রায় এক-তৃতীয়াংশ এবং আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রায় অর্ধেক এই অঞ্চলে সৃষ্টি হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো সিটি কর্পোরেশন ও ওয়াসার দক্ষতা বাড়ানো এবং নদী-খালগুলোর দূষণ কমিয়ে স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনা।
সংস্থাটি আরও জানায়, এই প্রকল্পের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ উন্নত স্যানিটেশন সুবিধা এবং পাঁচ লাখ মানুষ উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আসবে। দূষণপ্রবণ ও সেবাবঞ্চিত এলাকাগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, ঢাকার নদী ও জলাশয় কয়েক মিলিয়ন মানুষের জীবনরেখা হলেও দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ এবং শিল্পায়নের কারণে বর্জ্য ও দূষণ ব্যবস্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এই কর্মসূচি ঢাকার নদী ও খালের দূষণ কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ও পরিবেশ পুনরুদ্ধারে প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে সহায়তা করবে।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার মাত্র ২০ শতাংশ মানুষ পাইপযুক্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় রয়েছে। বাকি ৮০ শতাংশ মানুষের অপরিশোধিত বর্জ্য সরাসরি শহরের জলাশয় ও নদীতে গিয়ে পড়ছে। এ ছাড়া ঢাকার অর্ধেকের বেশি খাল বিলীন হয়ে গেছে বা বর্জ্যে ভরাট হয়ে রয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এই সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি খাত ও সিটি কর্পোরেশনগুলোকে সম্পৃক্ত করে একটি সমন্বিত কৌশল বাস্তবায়ন করা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের প্রায় ৮০ শতাংশ কারখানা ঢাকা ও আশপাশে অবস্থিত। প্রায় সাত হাজার কারখানা প্রতিদিন দুই হাজার ৪০০ মিলিয়ন লিটার অপরিশোধিত শিল্পবর্জ্য নদীতে ফেলছে, যা চর্মরোগ, ডায়রিয়া ও নানা স্নায়বিক রোগ বৃদ্ধির জন্য দায়ী। এই কর্মসূচির আওতায় শিল্পকারখানাগুলোকে বর্জ্য পরিশোধন ও পানির পুনঃব্যবহার বাড়াতে উৎসাহিত করা হবে।
বিশ্বব্যাংকের সিনিয়র পানি সরবরাহ ও স্যানিটেশন বিশেষজ্ঞ এবং প্রকল্পের টাস্ক টিম লিডার হর্ষ গোয়েল বলেন, এটি বাংলাদেশের বৃহত্তর পানি নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। এ পর্যায়ে ঢাকার জলাশয়ে দূষণ নিঃসরণ কমানো, পানি মান পর্যবেক্ষণ ব্যবস্থা শক্তিশালী করা, ডিজিটাল রিয়েল-টাইম দূষণ মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা এবং ঢাকার চারটি প্রধান নদীর জন্য সমন্বিত পুনরুদ্ধার পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হবে।
বিশ্বব্যাংক জানায়, প্রথম ধাপে ঢাকা ও নারায়ণগঞ্জের নির্বাচিত এলাকাগুলো এই কর্মসূচির আওতায় আসবে। এতে বর্জ্য সংগ্রহের কভারেজ বাড়ানো, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া এবং পুনর্ব্যবহার ব্যবস্থা উন্নত করা হবে। পাশাপাশি নদী ও খালে শিল্পবর্জ্য ও পয়ঃনিষ্কাশন বন্ধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।