দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও বড় আকারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রান্তিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের মার্চ মাস শেষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। এর আগে গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। অর্থাৎ […]
প্রতীকী ছবি
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ আবারও বড় আকারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রান্তিক প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের মার্চ মাস শেষে দেশের তফসিলি ব্যাংকগুলোতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা।
এর আগে গত বছরের ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা।
গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের প্রবৃদ্ধি কিছুটা কমলেও চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে তা আবার ঊর্ধ্বমুখী হয়েছে। ব্যাংকারদের মতে, পুরোনো খেলাপি ঋণের সঙ্গে সুদ যুক্ত হওয়া, বড় ঋণগ্রহীতাদের কিস্তি পরিশোধে ব্যর্থতা এবং নতুন করে ঋণ অনাদায়ী হয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাস শেষে দেশের ৬১টি তফসিলি ব্যাংকে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে ৩২ দশমিক ২৬ শতাংশ ঋণ এখন খেলাপি হিসেবে শ্রেণিকৃত।
ব্যাংকভেদে সবচেয়ে বেশি সংকটে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। এসব ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ২৬ হাজার ৬৮৬ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের প্রায় ৪৬ শতাংশ। যদিও আগের প্রান্তিকের তুলনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ সামান্য কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ, দুর্বল তদারকি, প্রভাবশালী গ্রাহকদের ঋণ পুনঃতফসিলের সুযোগ এবং আইনি জটিলতার কারণে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
ব্যাংক খাতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। পরবর্তীতে ধীরে ধীরে তা বেড়ে ২০২৪ সালের জুন নাগাদ দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা শুরু হয়। একই সময়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী অনেক বড় ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যাওয়ায় এবং নিয়মিত কিস্তি পরিশোধ বন্ধ হওয়ায় খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়তে থাকে।
তবে পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়। এতে কিছু সময়ের জন্য খেলাপি ঋণের প্রবৃদ্ধি নিয়ন্ত্রণে এলেও সর্বশেষ প্রান্তিক প্রতিবেদনে আবারও বড় উল্লম্ফন দেখা গেল।
অর্থনীতিবিদদের আশঙ্কা, খেলাপি ঋণের উচ্চহার ব্যাংকগুলোর তারল্য সংকট আরও বাড়াতে পারে। একই সঙ্গে নতুন বিনিয়োগে স্থবিরতা, ঋণের সুদের চাপ এবং সামগ্রিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হওয়ার ঝুঁকিও বাড়ছে।