সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০৫ অপরাহ্ন, ৭ জুলাই ২০২৬

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা, এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আঙ্কারার কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার কথাও ইঙ্গিত দিয়েছেন, যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে গিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]

তুরস্কের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা, এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার ইঙ্গিত ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আঙ্কারার কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার কথাও ইঙ্গিত দিয়েছেন, যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কে গিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ ঘোষণা দেন।

তিনি জানান, কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট (CAATSA)–এর আওতায় তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভাষ্য, দুই দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে ওয়াশিংটন ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে।

২০২০ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সময়ে দেশটিকে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয়। ওয়াশিংটনের দাবি ছিল, এস-৪০০ ব্যবস্থার উপস্থিতি এফ-৩৫-এর সংবেদনশীল প্রযুক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে তুরস্ক শুরু থেকেই এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। আঙ্কারার দাবি, তারা বৈধভাবেই এস-৪০০ ক্রয় করেছে এবং এ কারণে নিষেধাজ্ঞা আরোপ কিংবা এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেওয়া আন্তর্জাতিক সহযোগিতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে ইতিবাচক অবস্থান নিতে পারে। তবে এই উদ্যোগ বাস্তবায়নের আগে যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং কংগ্রেসের অনুমোদনও প্রয়োজন হবে।

বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও এফ-৩৫ বিক্রির বিষয়টি দ্রুত বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম। কারণ প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে রাজনৈতিক বিতর্কও থাকতে পারে।

ট্রাম্প আরও জানান, প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠকে শুধু প্রতিরক্ষা নয়, দুই দেশের বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

যুক্তরাষ্ট্র ও তুরস্ক দীর্ঘদিনের ন্যাটো মিত্র হলেও সাম্প্রতিক বছরগুলোতে এস-৪০০ ইস্যু, সিরিয়া নীতি এবং আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। নতুন এই ঘোষণা সেই সম্পর্ক পুনর্গঠনের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ