সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৫৮ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬

তেল সরবরাহ সচল রাখতে ইরানের ব্যবহৃত পদ্ধতিই বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র

উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ সচল রাখতে হরমুজ প্রণালির বাইরে ‘জাহাজ থেকে জাহাজে’ (শিপ-টু-শিপ) তেল স্থানান্তরের কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানিতে ইরান যে পদ্ধতি অনুসরণ করে আসছে, বর্তমান সংকটে সেই ধরনের কৌশলই গ্রহণ করেছে ওয়াশিংটন। রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে আকাশ ও জলপথের ড্রোন, হেলিকপ্টার […]

তেল সরবরাহ সচল রাখতে ইরানের ব্যবহৃত পদ্ধতিই বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ সচল রাখতে হরমুজ প্রণালির বাইরে ‘জাহাজ থেকে জাহাজে’ (শিপ-টু-শিপ) তেল স্থানান্তরের কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানিতে ইরান যে পদ্ধতি অনুসরণ করে আসছে, বর্তমান সংকটে সেই ধরনের কৌশলই গ্রহণ করেছে ওয়াশিংটন।

রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তত্ত্বাবধানে আকাশ ও জলপথের ড্রোন, হেলিকপ্টার এবং নজরদারি ব্যবস্থার সহায়তায় তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালির বাইরে অপেক্ষমাণ ট্যাংকারে তেল স্থানান্তর করতে সহায়তা দেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূল এবং ওমানের সোহার বন্দরের কাছাকাছি দুটি এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মে মাসের শুরু থেকে শুরু হওয়া এই অভিযানে অন্তত ৯২টি জাহাজ অংশ নিয়েছে বলে স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে।

সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এই ব্যবস্থায় ট্যাংকারগুলো নির্দিষ্ট মিলনস্থলে জড়ো হওয়ার পর নির্ধারিত দূরত্ব বজায় রেখে হরমুজ প্রণালি অতিক্রম করে। এরপর ইরানের ঘোষিত নিয়ন্ত্রণসীমার বাইরে অবস্থানরত বৃহৎ তেলবাহী জাহাজের সঙ্গে যুক্ত হয়ে তেল স্থানান্তর করে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে ২৪ থেকে ৪০ ঘণ্টা সময় লাগে।

রয়টার্স জানিয়েছে, গত ১১ জুন পর্যন্ত ফুজাইরাহ ও সোহার উপকূলে একই সময়ে ১৭ জোড়া জাহাজকে তেল স্থানান্তরের কাজে নিয়োজিত দেখা গেছে। স্যাটেলাইট চিত্রে একাধিকবার এ ধরনের কার্যক্রমের প্রমাণ মিলেছে।

তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা দাবি করেছেন, অফশোর তেল স্থানান্তর কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কোনো বাহিনী সরাসরি অংশ নিচ্ছে না। যদিও অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, পুরো কার্যক্রমই যুক্তরাষ্ট্রের সামরিক নজরদারির আওতায় পরিচালিত হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের জেরে ইরান কার্যত হরমুজ প্রণালিতে কড়াকড়ি আরোপ করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সাধারণ সময়ে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে যাতায়াত করে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ হলেও ‘জাহাজ থেকে জাহাজে’ তেল স্থানান্তর পদ্ধতি উপসাগরীয় অঞ্চল থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার অন্যতম কার্যকর উপায় হয়ে উঠেছে।

রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, মে মাসের শুরু থেকে এ পর্যন্ত এই নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ৯ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য স্থানান্তরিত হয়ে থাকতে পারে। তবে এ পরিমাণ এখনও যুদ্ধ-পূর্ব সময়ে হরমুজ প্রণালি দিয়ে দৈনিক পরিবাহিত তেলের তুলনায় অনেক কম।

বিশ্লেষকরা বলছেন, একসময় নিষেধাজ্ঞা এড়াতে যে কৌশলের পথিকৃৎ ছিল ইরান, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় সেই পদ্ধতিই এখন বৈশ্বিক জ্বালানি সরবরাহ সচল রাখতে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ