হরমুজ প্রণালি ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক বলে পুনরায় স্পষ্ট করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের অংশগ্রহণ ও সম্মতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো বিকল্প করিডোর, সমান্তরাল ব্যবস্থা বা নতুন নিরাপত্তা কাঠামো কার্যকর করা সম্ভব নয়। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক বলে পুনরায় স্পষ্ট করেছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, উপকূলীয় রাষ্ট্র হিসেবে ইরানের অংশগ্রহণ ও সম্মতি ছাড়া হরমুজ প্রণালিতে কোনো বিকল্প করিডোর, সমান্তরাল ব্যবস্থা বা নতুন নিরাপত্তা কাঠামো কার্যকর করা সম্ভব নয়।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ সমুদ্রপথে চলাচলের যেকোনো গ্রহণযোগ্য ব্যবস্থা অবশ্যই তেহরানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হতে হবে এবং তা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের আওতায় থাকতে হবে।
কাজেম গরিবাবাদি আরও বলেন, উপকূলবর্তী রাষ্ট্র হিসেবে ইরানের অবস্থান ও স্বার্থ উপেক্ষা করে কোনো ধরনের অস্পষ্ট ব্যবস্থা বা সমান্তরাল রুট চালুর চেষ্টা গ্রহণযোগ্য হবে না। হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে ইরানের সঙ্গে সমন্বয় করেই এগোতে হবে।
তিনি সতর্ক করে বলেন, যদি সংশ্লিষ্ট দেশগুলো নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়, তাহলে পূর্বনির্ধারিত যেকোনো বিকল্প বা সমান্তরাল করিডোর স্থগিত করা হতে পারে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত এবং এই গুরুত্বপূর্ণ জলপথের ব্যবস্থাপনা দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।
অন্যদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলো এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে মুক্ত, শর্তহীন ও অবাধ নৌ চলাচলের ওপর গুরুত্বারোপ করে। একই সঙ্গে তারা এই আন্তর্জাতিক জলপথে টোল, অতিরিক্ত মাশুল কিংবা একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে।
উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বিশ্বের মোট জ্বালানি তেলের উল্লেখযোগ্য অংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই জলপথে যেকোনো উত্তেজনা বা বিধিনিষেধ আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে ইরানের সাম্প্রতিক অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এই কৌশলগত জলপথের যেকোনো সিদ্ধান্তে ইরানের ভূমিকা উপেক্ষা করার সুযোগ নেই।