সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৬:৩০ অপরাহ্ন, ৪ ফেব্রুয়ারি ২০২৬

দারিদ্র্য ও বেকারত্ব মোকাবিলায় মহানবী (সা.)-এর বাস্তবসম্মত দিকনির্দেশনা

দারিদ্র্য ও বেকারত্ব আধুনিক সমাজেরই কেবল সমস্যা নয়; মানবসভ্যতার শুরু থেকেই এই সংকট বিদ্যমান। তবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই সমস্যার সমাধানে যে বাস্তবভিত্তিক ও মানবিক দিকনির্দেশনা দিয়েছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর মূল শিক্ষা ছিল—বেকারত্বকে অভিশাপ হিসেবে মেনে না নিয়ে যেকোনো বৈধ কাজের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া। নবীগণ নিজেরাই ছিলেন শ্রমজীবী ও কর্মমুখী। মানুষের সামনে […]

দারিদ্র্য ও বেকারত্ব মোকাবিলায় মহানবী (সা.)-এর বাস্তবসম্মত দিকনির্দেশনা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

দারিদ্র্য ও বেকারত্ব আধুনিক সমাজেরই কেবল সমস্যা নয়; মানবসভ্যতার শুরু থেকেই এই সংকট বিদ্যমান। তবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই সমস্যার সমাধানে যে বাস্তবভিত্তিক ও মানবিক দিকনির্দেশনা দিয়েছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর মূল শিক্ষা ছিল—বেকারত্বকে অভিশাপ হিসেবে মেনে না নিয়ে যেকোনো বৈধ কাজের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া।

নবীগণ নিজেরাই ছিলেন শ্রমজীবী ও কর্মমুখী। মানুষের সামনে হালাল উপার্জন ও পরিশ্রমের মর্যাদাকে প্রতিষ্ঠা করতেই তাঁরা বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) হজরত দাউদ (আ.) সম্পর্কে বলেন—
‘নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো গ্রহণ করেনি। আল্লাহর নবী দাউদ (আ.) নিজ হাতে কাজ করে উপার্জন করতেন।’ (সহিহ বুখারি)

বৈধ কোনো পেশাই তুচ্ছ নয়

মহানবী (সা.)-এর শিক্ষা অনুযায়ী, বৈধ যেকোনো কাজই সম্মানজনক। মানুষের কাছে হাত পেতে অপমানিত হওয়ার চেয়ে নিজের শ্রমে উপার্জন করাই অধিক মর্যাদার। এ সত্যটি তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন হাদিসে—

‘তোমাদের কেউ যদি পিঠে করে কাঠের বোঝা বহন করে বিক্রি করে এবং এর মাধ্যমে আল্লাহ তাকে ভিক্ষার লাঞ্ছনা থেকে রক্ষা করেন, তবে সেটাই তার জন্য উত্তম—মানুষের কাছে হাত পাতার চেয়ে।’ (সহিহ বুখারি)

অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহ

দারিদ্র্য দূরীকরণে রাসুল (সা.) কেবল উপদেশেই সীমাবদ্ধ থাকেননি; বরং বাস্তবমুখী অর্থনৈতিক ব্যবস্থার দিকেও মানুষকে উদ্বুদ্ধ করেছেন। মুহাজিরদের স্বাবলম্বী করতে আনসার সাহাবিদের সঙ্গে যৌথভাবে কৃষিকাজ ও বর্গাচাষের যে দৃষ্টান্ত স্থাপন করা হয়, তা ইসলামের অর্থনৈতিক ভারসাম্যের এক উজ্জ্বল উদাহরণ।

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, আনসাররা রাসুল (সা.)-এর কাছে এসে প্রস্তাব দেন—মুহাজিরদের সঙ্গে খেজুর বাগান ভাগ করে দিতে। নবীজি (সা.) এতে সম্মতি না দিলে আনসাররা বলেন, মুহাজিররা বাগানে কাজ করবেন এবং ফলনে অংশীদার হবেন। মুহাজিররা এই প্রস্তাবে আনন্দের সঙ্গে সম্মতি জানান। (সহিহ বুখারি)

আত্মনির্ভরতার অনন্য শিক্ষণীয় ঘটনা

দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে মহানবী (সা.)-এর বাস্তব উদ্যোগের একটি অনন্য দৃষ্টান্ত পাওয়া যায় হজরত আনাস (রা.) বর্ণিত ঘটনায়।

একদিন এক ব্যক্তি ভিক্ষা চাইতে এলে নবীজি (সা.) তাকে জিজ্ঞাসা করেন, তার ঘরে কোনো সম্পদ আছে কি না। লোকটি জানায়, একটি গালিচা ও একটি পানির পাত্র রয়েছে। নবীজি (সা.) সেগুলো আনতে বললেন এবং প্রকাশ্যে বিক্রির ব্যবস্থা করলেন। দর হাঁকিয়ে সেগুলো দুই দিরহামে বিক্রি করে সেই অর্থ ওই ব্যক্তিকে দিলেন।

এরপর নবীজি (সা.) নির্দেশ দিলেন—এক দিরহামে খাবার কিনে পরিবারকে দেবে, আরেক দিরহামে কুঠারের ফলা কিনে আনবে। পরে তিনি নিজ হাতে কুঠারে হাতল লাগিয়ে দিয়ে বললেন, ‘এটা দিয়ে কাঠ কাটবে ও বাজারে বিক্রি করবে। পনেরো দিন পর্যন্ত আমার কাছে আর আসবে না।’

পনেরো দিন পর লোকটি ফিরে এসে জানাল, সে দশ দিরহাম আয় করেছে। তখন রাসুল (সা.) বললেন—
‘ভিক্ষার কারণে কেয়ামতের দিন মুখে দাগ নিয়ে ওঠার চেয়ে এ পদ্ধতিই তোমার জন্য উত্তম।’
তিনি আরও বলেন, তিন শ্রেণির মানুষ ছাড়া কারও জন্য ভিক্ষা করা বৈধ নয়—
১) চরম দরিদ্র,
২) ঋণগ্রস্ত ব্যক্তি,
৩) রক্তপণের দায়ে জর্জরিত অথচ পরিশোধে অক্ষম ব্যক্তি। (সুনানে আবু দাউদ: ১৬৪১)

উপসংহার

মহানবী (সা.)-এর শিক্ষা থেকে স্পষ্ট হয়—দারিদ্র্য বিমোচনের মূল চাবিকাঠি হলো কর্মসংস্থান, আত্মমর্যাদা ও স্বনির্ভরতা। ইসলামের এই কর্মমুখী দৃষ্টিভঙ্গি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে বাস্তবায়িত হলে দারিদ্র্য ও বেকারত্ব অনেকাংশেই নিরসন সম্ভব।

লেখক: মুহাদ্দিস,
জামিয়া গাফুরিয়া মাখযানুল উলুম, টঙ্গী, গাজীপুর

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ