জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “এত অসহিষ্ণু হলে চলবে না, মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং অন্যের বক্তব্য শুনতে হবে।” শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম কার্যদিবসে কুমিল্লা-৪ […]
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “এত অসহিষ্ণু হলে চলবে না, মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং অন্যের বক্তব্য শুনতে হবে।”
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম কার্যদিবসে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এ রুলিং দেন।
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে সংসদে উত্তেজনা তৈরি হলে স্পিকার এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, তিনি এর আগের ছয়টি সংসদ প্রত্যক্ষ করেছেন, তবে এবারের মতো এত সুন্দর ও সহযোগিতাপূর্ণ পরিবেশ আগে দেখেননি। তার ভাষায়, প্রায় ৯০টি বিল পাসের ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের মধ্যে যে সমঝোতা ও সহযোগিতা দেখা গেছে, তা সংসদীয় ইতিহাসে বিরল উদাহরণ।
তিনি আরও বলেন, অতীতের সংসদগুলোতে সরকারি ও বিরোধী দলের মধ্যে অনেক সময় তীর্যক ও অশালীন বাক্য বিনিময় হতো। সেই তুলনায় বর্তমান সংসদের সূচনা অনেক বেশি ইতিবাচক ও পরিণত হয়েছে।
আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, বিরোধী সদস্যদের আপত্তিরও একটি সাংসদীয় সমাধান রয়েছে। তাই বিষয়টি নিয়ে অতিরিক্ত উত্তেজিত না হয়ে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগোনোর আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, সংসদে মৌখিক আলোচনার সুযোগ সীমিত। সদস্যরা চাইলে নোটিশ দিতে পারবেন এবং সেই নোটিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আইনমন্ত্রীর উত্থাপিত বিষয় পুনর্বিবেচনার সুযোগও রয়েছে।
তিনি আরও জানান, সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনতে পারেন, যা সরকারি দল গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংসদের পরিবেশ শান্ত ও ইতিবাচক রাখার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবাই সংসদে এসেছেন। জুলাই অভ্যুত্থানের পর এই সংসদের সূচনা অত্যন্ত আশাব্যঞ্জক। বিরোধী দলে ৭৭ থেকে ৭৮ জন সদস্য থাকা সংসদীয় গণতন্ত্রের জন্য বড় বিষয় বলেও তিনি উল্লেখ করেন।
সবশেষে তিনি বলেন, সহযোগিতার মনোভাব নিয়েই সংসদকে সামনে এগিয়ে নিতে হবে।