ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। এখন পর্যন্ত বিদেশে অবস্থানরত মোট ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন ভোটারের ব্যালট দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম–সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। এখন পর্যন্ত বিদেশে অবস্থানরত মোট ১ লাখ ৩৯ হাজার ৭৬৩ জন ভোটারের ব্যালট দেশে এসে পৌঁছেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম–সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ব্যালট হাতে পাওয়ার পর ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদানের পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে অবস্থানরত নিবন্ধিত ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ কার্যক্রম চলছে বলে জানান সালীম আহমাদ খান।
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে দেশে ও বিদেশে মিলিয়ে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দেশের অভ্যন্তরে অবস্থানরত পোস্টাল ভোটারদের (আইসিপিভি) মধ্যে দুই লাখ ৬৯ হাজার নিবন্ধিত ভোটারের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
ইসির দেওয়া তথ্যমতে, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দেশের ভেতরে তিন হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে দুই হাজার ৪২২ জন ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন এবং এক হাজার ১৪৯ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক দিনে দেশে ও বিদেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের হার আরও বাড়বে।