যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্কে অবস্থিত ডেলানি হল অভিবাসী আটক কেন্দ্রকে ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, বুধবার (৪ জুন) রাতে আটক কেন্দ্রের বাইরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্কে অবস্থিত ডেলানি হল অভিবাসী আটক কেন্দ্রকে ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, বুধবার (৪ জুন) রাতে আটক কেন্দ্রের বাইরে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করলে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
নিউয়ার্ক পুলিশের প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের ব্যারিকেড সরানোর চেষ্টা করছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া একজন নারী ও একজন পুরুষ নিউ জার্সির বাইরের অঙ্গরাজ্য থেকে এসেছিলেন। তাদের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, গ্রেপ্তারে বাধা প্রদান এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে ডেলানি হল অভিবাসী আটক কেন্দ্রের বাইরে টানা বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আটক কেন্দ্রটিতে অভিবাসীদের অস্বাস্থ্যকর ও মানবেতর পরিবেশে রাখা হচ্ছে।
নিউয়ার্কের মেয়র রাস বারাকা এক বিবৃতিতে বলেন, শহরের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করার পর থেকে গ্রেপ্তারের সংখ্যা কমে এসেছে।
তিনি জানান, এখন থেকে নিউয়ার্ক পুলিশ মূলত যান চলাচল নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার কাজে সীমিত উপস্থিতি বজায় রাখবে।
একই সঙ্গে তিনি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং অভিবাসী আটক কেন্দ্রের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন।
সূত্র: আইউইটনেস নিউজ