নিউইয়র্ক সিটিতে গৃহহীন মানুষের সংখ্যা নতুন রেকর্ড স্পর্শ করেছে। গৃহহীনদের নিয়ে কাজ করা সংগঠন ‘কোয়ালিশন ফর দ্য হোমলেস’-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে প্রায় ১ লাখ ৯৫ হাজার মানুষ শহরের আশ্রয়কেন্দ্র ব্যবস্থায় রাত কাটিয়েছেন, যা নিউইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ। “এ ক্রাইসিস ইনহেরিটেড, এ চয়েস অ্যাহেড” শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক মেয়র এরিক অ্যাডামসের […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটিতে গৃহহীন মানুষের সংখ্যা নতুন রেকর্ড স্পর্শ করেছে। গৃহহীনদের নিয়ে কাজ করা সংগঠন ‘কোয়ালিশন ফর দ্য হোমলেস’-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে প্রায় ১ লাখ ৯৫ হাজার মানুষ শহরের আশ্রয়কেন্দ্র ব্যবস্থায় রাত কাটিয়েছেন, যা নিউইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ।
“এ ক্রাইসিস ইনহেরিটেড, এ চয়েস অ্যাহেড” শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের সময় শহরে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হোমলেস সার্ভিসেস পরিচালিত আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ১ লাখ ৯৪ হাজার ৫৩১ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ১২ হাজার ৪৪২ জন দীর্ঘমেয়াদে আশ্রয়কেন্দ্রে বসবাস করেছেন।
একই সময়ে আশ্রয়কেন্দ্রে থাকা শিশুদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে গৃহহীন শিশুদের সংখ্যা ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গবেষকদের মতে, আশ্রয়প্রার্থী অভিবাসীদের সংখ্যা কমে আসার পরও গৃহহীনতা বৃদ্ধি পাওয়া সংকটের গভীরতাকে আরও স্পষ্ট করেছে।
কোয়ালিশন ফর দ্য হোমলেস বলছে, সাশ্রয়ী মূল্যের আবাসনের ঘাটতি এবং উচ্চ ভাড়ার চাপই এই সংকটের প্রধান কারণ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে যেখানে উচ্ছেদ সংক্রান্ত মামলার সংখ্যা ছিল ৪২ হাজার ১১০, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৮৩২-এ।
এছাড়া জরুরি ভাড়া সহায়তা কর্মসূচির জন্য আবেদন ৮৫ শতাংশ বৃদ্ধি পেলেও অনুমোদনের হার কমে মাত্র ২৬ শতাংশে নেমে এসেছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক ডেভ গিফেন বলেন, গৃহহীনতার মূল কারণগুলো সমাধান না করলে পরিস্থিতি আরও খারাপ হবে। তার মতে, আশ্রয়কেন্দ্র এবং রাস্তায় বসবাসকারী মানুষের সংখ্যা আগামী বছরগুলোতে আরও বাড়তে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত চার বছরে স্থায়ী আবাসনে স্থানান্তরিত হওয়া মানুষের সংখ্যা ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এর পেছনে মূল ভূমিকা রেখেছে ফেডারেল জরুরি আবাসন ভাউচার এবং উন্নত সিটি-ফেপস কর্মসূচি।
গৃহহীনতা মোকাবিলায় সংগঠনটি মেয়র জোহরান মামদানির প্রশাসনের কাছে বেশ কয়েকটি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে আগামী পাঁচ বছরে প্রতিবছর অন্তত ১২ হাজার নতুন সাশ্রয়ী আবাসন ইউনিট নির্মাণ, গৃহহীন পরিবারগুলোর জন্য আবাসন সহায়তা সম্প্রসারণ এবং নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির খালি ইউনিটগুলো দ্রুত ব্যবহারের ব্যবস্থা করা।
প্রতিবেদনে আরও সুপারিশ করা হয়েছে, নিম্ন আয়ের ভাড়াটিয়াদের জন্য আবাসন আদালতে আইনজীবী পাওয়ার সুযোগ বাড়ানো, গুরুতর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা গৃহহীনদের জন্য ‘হাউজিং ফার্স্ট’ নীতি বাস্তবায়ন এবং সহায়ক আবাসন কর্মসূচি সম্প্রসারণ।
বিশেষজ্ঞদের মতে, নিউইয়র্কের গৃহহীনতা সংকট এখন শুধু সামাজিক সমস্যা নয়, এটি আবাসন সংকট এবং অর্থনৈতিক চাপেরও প্রতিফলন। কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: কোয়ালিশন ফর দ্য হোমলেস