যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে কোনো ধরনের তর্ক বা উসকানি ছাড়াই ছুরিকাঘাতে ৩২ বছর বয়সী রাশন শেটলউড নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশের অভিযোগ, হামলার ঘটনায় ৩৭ বছর বয়সী জেফরি জর্জকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জর্জ এর আগে নিউইয়র্ক সিটিতে ১৫ বার গ্রেপ্তার হয়েছিলেন। ঘটনাটি ঘটে ব্রঙ্কসের মরিস হাইটস এলাকায় ডেভিডসন অ্যাভিনিউয়ের একটি […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে কোনো ধরনের তর্ক বা উসকানি ছাড়াই ছুরিকাঘাতে ৩২ বছর বয়সী রাশন শেটলউড নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পুলিশের অভিযোগ, হামলার ঘটনায় ৩৭ বছর বয়সী জেফরি জর্জকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জর্জ এর আগে নিউইয়র্ক সিটিতে ১৫ বার গ্রেপ্তার হয়েছিলেন।
ঘটনাটি ঘটে ব্রঙ্কসের মরিস হাইটস এলাকায় ডেভিডসন অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্মাণকাজের জন্য স্থাপন করা স্ক্যাফোল্ডিংয়ের নিচে শেটলউড তার ৩৩ বছর বয়সী এক বন্ধুর সঙ্গে বসে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই সময় জর্জ তাদের দিকে হেঁটে আসেন এবং কোনো ধরনের কথাকাটাকাটি বা তর্ক ছাড়াই হঠাৎ ছুরিকাঘাত শুরু করেন। এক প্রতিবেশী, যিনি নিজের পরিচয় শুধু অ্যান্ডি হিসেবে দিয়েছেন, জানান, হামলার আগে শেটলউড তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। ফোনে কথা শেষ করার পরপরই হামলা হওয়ায় তিনি পেছন থেকে এগিয়ে আসা জর্জকে টের পাননি বলে ধারণা করা হচ্ছে।
অ্যান্ডির ভাষ্য, কোনো ঝগড়া বা কথা কাটাকাটি ছাড়াই ওই ব্যক্তি হঠাৎ ছুরি নিয়ে হামলা চালান।
পুলিশ জানায়, জর্জ প্রথমে শেটলউডের বুকসহ শরীরের বিভিন্ন অংশে একাধিকবার ছুরিকাঘাত করেন। এরপর তার বন্ধুকেও বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়।
হামলার পর দুজনকেই দৌড়ে ওয়েস্ট ট্রেমন্ট অ্যাভিনিউয়ের দিকে যেতে দেখা যায়। অন্যদিকে নজরদারি ক্যামেরার ফুটেজে হামলাকারীকে ঘটনাস্থল থেকে ধীরে হেঁটে চলে যেতে দেখা যায়।
পুলিশ ও জরুরি বিভাগের সদস্যরা আহত দুজনকে সেন্ট বার্নাবাস হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেটলউডের মৃত্যু হয়। তার বন্ধুর শরীরের বিভিন্ন অংশে একাধিক ছুরিকাঘাতের ক্ষত থাকলেও তিনি প্রাণে বেঁচে যাবেন বলে জানিয়েছে পুলিশ।
তদন্তকারীদের ধারণা, হামলার পর জর্জ ব্রঙ্কস থেকে পালিয়ে প্রায় ১৮ মাইল দূরে ব্রুকলিনের প্রসপেক্ট লেফার্টস গার্ডেনস এলাকার পার্কসাইড অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে যান। বৃহস্পতিবার সকালে সেখানে তাকে একটি গ্র্যাভিটি নাইফসহ আটক করা হয়।
পরে গোয়েন্দারা তাকে ব্রঙ্কসের ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বলে শনাক্ত করেন। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এর আগেও জর্জ একই ডেভিডসন অ্যাভিনিউয়ের ওই ভবনের সামনে একটি ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। ২০২২ সালে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাতের অভিযোগে তাকে আটক করা হয়েছিল।
পুলিশ আরও জানায়, নিউইয়র্ক সিটিতে জর্জকে মোট ১৫ বার গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সময়ে তাকে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি বা ‘ইমোশনালি ডিস্টার্বড পারসন’ হিসেবেও রিপোর্ট করা হয়েছিল।
নিহত শেটলউড একটি অটোজোন স্টোরে কাজ করতেন। ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে একাই থাকতেন তিনি বলে জানিয়েছেন তার ভবনের সুপার। পরিচিতরা তাকে শান্ত স্বভাবের ও ভালো মানুষ হিসেবে বর্ণনা করেছেন।
প্রতিবেশী অ্যান্ডি জানান, শেটলউড ও আহত ব্যক্তি ছোটবেলা থেকেই বন্ধু ছিলেন। তারা একই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আহত ব্যক্তি একজন বাবা এবং পেশায় অটো মেকানিক।
হাসপাতালে আহত বন্ধুর সঙ্গে কথা বলার পর অ্যান্ডি জানান, ওই ব্যক্তি হামলাকারীর ছুরিটিকে ‘র্যাম্বো নাইফ’ হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, শেটলউডকে খুব অল্প সময়ের মধ্যে প্রায় ১০ বার বা তারও বেশি ছুরিকাঘাত করা হয়।
বৃহস্পতিবার জর্জকে হত্যা মামলায় আদালতে হাজির করার প্রক্রিয়া চলছিল। ঘটনায় হামলার উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট হয়নি। তদন্তকারীরা এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছেন।
সূত্র: ডেইলি নিউজ