সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৫ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬

নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের ডাক সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহু আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। আর যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে জনগণকে তাকে ‘লাঠি ও পাথর দিয়ে’ ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। রোববার (১৪ জুন) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ […]

নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের ডাক সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, নেতানিয়াহু আসন্ন সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। আর যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে জনগণকে তাকে ‘লাঠি ও পাথর দিয়ে’ ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।

রোববার (১৪ জুন) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন এহুদ বারাক। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বারাক বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নেতানিয়াহুর আচরণ তাকে উদ্বিগ্ন করে তুলেছে।

বারাকের ভাষায়, “আমার আশঙ্কা, নেতানিয়াহু নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন এবং তিনি চাইলে খুব সহজেই এমন পরিস্থিতি তৈরি করতে পারবেন।”

তিনি আরও বলেন, “যদি তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার চেষ্টা করেন, তাহলে তাকে লাঠি ও পাথর দিয়ে মেরে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

৭৬ বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২২ সালের ডিসেম্বরের শেষদিকে বর্তমান সরকার গঠন করেন। তার নেতৃত্বাধীন জোট সরকারকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি ও কট্টরপন্থি সরকারগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

বর্তমান পার্লামেন্ট নেসেটের মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী সেপ্টেম্বর অথবা অক্টোবরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এহুদ বারাক দাবি করেন, নেতানিয়াহু যুদ্ধ পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারেন। তার অভিযোগ, লেবাননে সামরিক উত্তেজনা বাড়িয়ে এমন পরিস্থিতি তৈরি করা হতে পারে, যাতে হিজবুল্লাহ বা ইরান পাল্টা হামলা চালায় এবং নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়ে।

বারাক বলেন, “নেতানিয়াহু অন্তহীন যুদ্ধ চান। কারণ তিনি জানেন, যুদ্ধ শেষ হলে তার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া আরও দ্রুত এগোবে।”

তিনি আরও অভিযোগ করেন, হামাসের সঙ্গে বন্দি বিনিময় সংক্রান্ত একাধিক সম্ভাব্য সমঝোতা নেতানিয়াহু বাধাগ্রস্ত করেছেন। একইভাবে লেবানন ইস্যুতেও কূটনৈতিক অগ্রগতির সুযোগ নষ্ট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বর্তমানে দুর্নীতির একাধিক মামলায় বিচারের মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এহুদ বারাক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়েও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “এক কথায় এটি খারাপ। দুই কথায় বললে—খুবই খারাপ।”

তার মতে, এই সমঝোতা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের পরিপন্থী এবং ইরানকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে।

বারাক বলেন, “নেতানিয়াহুর ঔদ্ধত্য এবং কৌশলগত দূরদর্শিতার অভাবের মূল্য এখন পুরো ইসরায়েলকে দিতে হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক ও রাজনৈতিক প্রচেষ্টার কোনো মূল লক্ষ্যই অর্জিত হয়নি।

বারাকের এই মন্তব্য প্রকাশের পরপরই নেতানিয়াহুর রাজনৈতিক মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। লিকুদ পার্টির সংসদ সদস্য এবং নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বোয়াজ বিসমুথ বারাকের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিসমুথ বলেন, “বারাক কার্যত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন।”

তিনি আরও বলেন, “তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠানো উচিত। আর যদি তিনি মানসিকভাবে সুস্থ প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি তদন্ত শুরু করা উচিত।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলে চলমান রাজনৈতিক অস্থিরতা, গাজা যুদ্ধ, লেবানন সীমান্তে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে বিতর্কের মধ্যে বারাকের এই বক্তব্য দেশটির রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ