ভারতের বিহারের আলোচিত বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েকে ঘিরে আয়োজনের বিশালতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে প্রায় চার লাখ অতিথিকে আপ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন তিনি। অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিয়ের আমন্ত্রণপত্র পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন এই বিধায়ক। তবে মোদীসহ […]
ছবি: সংগৃহীত
ভারতের বিহারের আলোচিত বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েকে ঘিরে আয়োজনের বিশালতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে প্রায় চার লাখ অতিথিকে আপ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন তিনি। অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিয়ের আমন্ত্রণপত্র পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন এই বিধায়ক। তবে মোদীসহ আমন্ত্রিত অতিথিদের কারা বিয়েতে উপস্থিত থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।
মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গীর সঙ্গে বিয়ে হচ্ছে ঋষিকেশ কুমারের। আগামী ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাদমায় বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ উপলক্ষে সেখানে চলছে বিশাল আয়োজন। চার লাখ মানুষের বসার ও খাবারের ব্যবস্থা রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে—যা ভারতের অনেক ছোট শহরের জনসংখ্যার সমান।
১০০ ফুটের মঞ্চ, ভিআইপিদের জন্য আলাদা প্যান্ডেল
বিয়ের প্যান্ডেল ও বর-কনের মালাবদলের মঞ্চ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর প্রদেশের মউ জেলার কারিগরদের। ২০ নভেম্বরের মধ্যে প্যান্ডেল নির্মাণ শেষ করার পরিকল্পনা রয়েছে। ভিআইপি অতিথিদের জন্য তৈরি করা হচ্ছে আলাদা প্যান্ডেল। বর-কনের জন্য নির্মাণ করা হচ্ছে ১০০ ফুট দীর্ঘ পাকা মঞ্চ। মঞ্চটি সাজাতে ১৫০ কুইন্টাল অলংকার ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সেখানে একসঙ্গে বসবেন শিবাঙ্গী ও তাঁর হবু স্বামী ঋষিকেশ।
বিয়ের পর শিবাঙ্গীর নতুন ঠিকানা হবে বিহটার রামকৃষ্ণনগর। সেখানে নতুন একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। বিয়েসংক্রান্ত বিভিন্ন আচার-অনুষ্ঠান ও আয়োজনের বড় অংশ ওই বাড়িতে হবে। বিহটা থেকে বরযাত্রী নিয়ে অনন্ত সিংয়ের পৈতৃক গ্রাম লাদমায় যাবেন ঋষিকেশ। সেখানেই সম্পন্ন হবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা।
রাজনীতিক ও তারকাদের আমন্ত্রণ
বিয়েতে রাজনীতি ও বিনোদনজগতের পরিচিত অনেক ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। বলিউড ও ভোজপুরি বিনোদনজগতের প্রায় তিন ডজন তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন অনন্ত সিং। তাঁদের মধ্যে রয়েছেন সোনু সুদ, মনোজ তিওয়ারি, মৈথিলী ঠাকুর, অক্ষরা সিং ও পবন সিং।
বার্তা সংস্থা এএনআইকে অনন্ত সিং বলেন, বিহারের বাইরেও ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানানো হচ্ছে। ক্ষমতাসীন দল ও বিরোধী পক্ষের রাজনীতিক—দুই পক্ষের নেতাদেরই দাওয়াত দেওয়া হবে। তাঁর ভাষায়, বিয়েতে শাসক দল বা বিরোধী দলের কোনো বিভাজন নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আমন্ত্রণপত্র পাঠানো হবে।
বিয়ের ছয় দিন পরই কারাগারে ফিরতে হবে অনন্ত সিংকে
মেয়ের বিয়ের আয়োজনের মধ্যেই অনন্ত সিংয়ের সামনে রয়েছে আইনি বাধ্যবাধকতা। দুলার চাঁদ যাদব হত্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট তাঁকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করে কারাগারে ফেরার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ২৫ নভেম্বর মেয়ের বিয়ের ছয় দিন পরই তাঁকে আত্মসমর্পণ করতে হবে।
২০২৫ সালের অক্টোবরে দুলার চাঁদ যাদব হত্যাকাণ্ডের ঘটনায় পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন অনন্ত সিং। পরে চলতি বছরের মার্চে পাটনা হাইকোর্টের দেওয়া জামিনে মুক্তি পান তিনি। তবে সুপ্রিম কোর্ট সেই জামিন বাতিল করে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে বিয়েতে উপস্থিত থাকার জন্য তিনি সাময়িক সময় পেয়েছেন।
নীতিশ কুমারকে ঘিরে মন্তব্য, জেডিইউ থেকে বহিষ্কার
সম্প্রতি সাবেক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ঘিরে একটি বিতর্কিত মন্তব্যের কারণেও আলোচনায় আসেন অনন্ত সিং। তাঁর বক্তব্যের একটি অংশ থেকে এমন ধারণা তৈরি হয় যে, নীতিশ কুমারের জন্য তিনি নয়জনকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, তাঁর কথার ভুল অর্থ করা হয়েছে।
অনন্ত সিংয়ের ভাষ্য, তিনি আসলে বলতে চেয়েছিলেন—লালুপ্রসাদ যাদবের সরকারের সময় তাঁর নয়জন সহযোগীকে হত্যা করা হয়েছিল এবং তাঁকেও গুলি করা হয়েছিল। নীতিশ কুমারের সঙ্গে রাজনৈতিক অবস্থানের কারণে তাঁদের ওপর হামলা হয়েছিল বলে তিনি দাবি করেন। তবে তাঁর বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে বলে পরে জানান।
এদিকে, অনন্ত সিংয়ের ওই মন্তব্য ও কর্মকাণ্ড থেকে নিজেদের দূরত্ব স্পষ্ট করেছে জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দলটি তাঁকে ছয় বছরের জন্য বহিষ্কার করেছে।
সূত্র: এনডিটিভি, এএনআই ও টাইমস অব ইন্ডিয়া