ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় আগাম নোটিশ ছাড়াই তিনটি মসজিদসহ কয়েকটি মাজার ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের এই অভিযানে মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের মুসলমানদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দ। সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেটের প্রতিবেদনে বলা […]
ছবি: সংগৃহীত
ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় আগাম নোটিশ ছাড়াই তিনটি মসজিদসহ কয়েকটি মাজার ও বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসনের এই অভিযানে মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের মুসলমানদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দ।
সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়, উচ্ছেদ অভিযানে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক ভবন এবং দুটি আবাসিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।
তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রকাশিত একটি ভিডিওতেও মসজিদ ভেঙে ফেলার দৃশ্য দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর জমিয়তে ওলামায়ে হিন্দের একটি প্রতিনিধি দল কুচ জেলা পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল মাওলানা হাকিমুদ্দিন কাসেমী। তিনি অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই মসজিদগুলো ভেঙে ফেলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও তারা সন্তোষজনক কোনো জবাব দেননি বলেও জানান তিনি।
ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে ঐতিহাসিক জুনা কান্দলা মসজিদও ছিল বলে জানা গেছে। মসজিদের খাদেমের দাবি, হঠাৎ অভিযান চালিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করার হুমকি দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৯৬৫ সাল থেকেই জুনা কান্দলা মসজিদটি ওয়াকফ হিসেবে নিবন্ধিত ছিল। এর নান্দনিক স্থাপত্যশৈলীর কারণে এটি এলাকায় একটি পরিচিত ধর্মীয় স্থাপনা হিসেবে বিবেচিত হতো।
মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ সামার বলেন, উচ্ছেদের সময় তারা প্রশাসনের সঙ্গে কথা বলার এবং মসজিদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সেখানে যেতে দেয়নি। বরং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
প্রতিবেদন অনুযায়ী, আদিপুর এলাকার আরেকটি মসজিদও এই অভিযানে ভেঙে ফেলা হয়েছে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, উচ্ছেদ অভিযানে মোট ৩০টি অবকাঠামো অপসারণ করা হয়েছে, যার মধ্যে ১১টি ধর্মীয় স্থাপনা, ১৭টি বাণিজ্যিক স্থাপনা এবং দুটি আবাসিক স্থাপনা রয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ভারতে মুসলিমদের ওপর হামলা ও হয়রানির ঘটনা ক্রমেই বাড়ছে বলে অভিযোগ করছে বিভিন্ন সংগঠন। অনেক ক্ষেত্রে বৃদ্ধ ও নাবালকদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করার ঘটনাও সামনে এসেছে বলে দাবি করা হয়েছে।
মসজিদ ও মাদ্রাসা ভাঙচুরের পাশাপাশি উন্নয়নের নামে মুসলিমপ্রধান এলাকাগুলোয় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
মুসলিম সম্প্রদায়ের ওপর নিয়মিত ও ক্রমবর্ধমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে বিজেপি-শাসিত রাজ্যগুলোয় মুসলিমদের লক্ষ্য করে গণপিটুনি, ঘরবাড়ি উচ্ছেদ এবং মসজিদ-মাদ্রাসা ভাঙচুরের ঘটনা বাড়ছে।
বোর্ড আরও জানিয়েছে, সরকারি অনুষ্ঠান ও স্কুলে নির্দিষ্ট স্লোগান বাধ্যতামূলক করা, মাদ্রাসার ওপর আক্রমণ এবং অভিন্ন দেওয়ানি বিধি চালুর চেষ্টার মতো বিষয়গুলো নিয়ে তারা আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: দ্য হিন্দুস্তান গ্যাজেট