সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৩:২০ অপরাহ্ন, ৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিকূলতার মধ্যেও দেশের অর্থনীতি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা

অভ্যন্তরীণ চাপ ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখনো তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে আগামী নির্বাচিত সরকারকে শক্ত রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে কাঠামোগত সংস্কারে এগিয়ে আসতে হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ম্যাক্রোইকনমিক ইনসাইটস: নির্বাচিত সরকারের […]

প্রতিকূলতার মধ্যেও দেশের অর্থনীতি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

অভ্যন্তরীণ চাপ ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখনো তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে আগামী নির্বাচিত সরকারকে শক্ত রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে কাঠামোগত সংস্কারে এগিয়ে আসতে হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ম্যাক্রোইকনমিক ইনসাইটস: নির্বাচিত সরকারের জন্য একটি অর্থনৈতিক সংস্কার এজেন্ডা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এবং অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডিএসের সাবেক মহাপরিচালক কে এ এস মুরশিদ ও বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকে।

ড. সালেহউদ্দিন বলেন, একসময় দেশের অর্থনীতি গভীর সংকটের মুখে পড়লেও পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তবে বিদ্যমান ঝুঁকিগুলো বাস্তব এবং এগুলো মোকাবিলায় ধারাবাহিক নীতিগত সহায়তা ও সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন। মহামারি-পরবর্তী অভিঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানির দামের অস্থিরতা এবং বৈশ্বিক আর্থিক কড়াকড়ির মধ্যেও বাংলাদেশ সামষ্টিক ভারসাম্য ধরে রাখতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মুদ্রাস্ফীতি, বৈদেশিক লেনদেনের চাপ এবং আর্থিক খাতের সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব সংকট শুধু বাংলাদেশের নয়—বিশ্বের বহু দেশই একই বাস্তবতার মুখোমুখি। তবে সংকট মোকাবিলায় সংস্কারমূলক উদ্যোগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করাই মূল চাবিকাঠি।

রাজস্ব খাত প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত অত্যন্ত কম, যা উন্নয়ন কার্যক্রম ও জনসেবায় অর্থায়নের সক্ষমতাকে সীমিত করছে। একটি আধুনিক রাষ্ট্র পরিচালনায় এই দুর্বল রাজস্ব কাঠামো বড় বাধা। তাই করব্যবস্থার সংস্কার, করভিত্তি সম্প্রসারণ এবং কর পরিশোধে জনগণের সম্মতি বাড়ানো জরুরি।

ব্যাংকিং খাতকে অর্থনীতির অন্যতম দুর্বল ক্ষেত্র হিসেবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতা, উচ্চ অনুৎপাদক ঋণ এবং জবাবদিহিতার অভাব মানুষের আস্থায় বড় ধরনের ক্ষতি করেছে। এসব সমস্যা সমাধানে সময়, কঠোর নজরদারি এবং রাজনৈতিক সাহসের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইর প্রধান অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান। তিনি বলেন, গত ১৮ মাসে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করেছে। স্থিতিশীলতা অর্জনে অগ্রগতি হলেও দেশীয় ও বৈশ্বিক অনিশ্চয়তায় প্রবৃদ্ধির গতি এখনো দুর্বল। এই অবস্থা কাটিয়ে উঠতে আর্থিক ও রাজস্ব খাতে শক্তিশালী সংস্কার অপরিহার্য, যা বাস্তবায়নে পরবর্তী সরকারকে প্রথম দিন থেকেই দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

সভাপতির বক্তব্যে ড. জাইদী সাত্তার বলেন, যথাযথ সংস্কার বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ ৭ থেকে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে। তিনি বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিকে যুগান্তকারী অর্জন হিসেবে উল্লেখ করে স্বল্প সময়ে এটি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারকে কৃতিত্ব দেন।

তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোগত দুর্বলতা অর্থনৈতিক অগ্রগতির বড় অন্তরায়। প্রত্যক্ষ করের পরিমাণ বাড়িয়ে ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৯ থেকে ১০ শতাংশে উন্নীত করতে হবে বলেও মত দেন তিনি।

আলোচনায় আরও বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাশরুর রিয়াজসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। বক্তারা অভিমত দেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক ঐকমত্য, কার্যকর বাস্তবায়ন ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ