সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির প্রশাসন। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন ‘কিওয়া’ প্ল্যাটফর্ম জানিয়েছে, আগামী ৩০ জুন (মঙ্গলবার) পর্যন্ত নিয়োগকর্তারা তাদের প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন। সৌদি গেজেটের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে […]
ছবি: সংগৃহীত
সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে দেশটির প্রশাসন। সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন ‘কিওয়া’ প্ল্যাটফর্ম জানিয়েছে, আগামী ৩০ জুন (মঙ্গলবার) পর্যন্ত নিয়োগকর্তারা তাদের প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন।
সৌদি গেজেটের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে।
কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন না করা হলে তাকে প্রতিষ্ঠানের কর্মী তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। তবে সেই কর্মীকে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যতদিন কাজ করানো হয়েছে, ওই সময়ের জন্য প্রযোজ্য সব আর্থিক দায়, ফি ও অন্যান্য প্রশাসনিক ব্যয় সংশ্লিষ্ট নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগকর্তাদের নির্ধারিত সময়সীমার আগেই কর্মীদের কাগজপত্র বৈধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে একটি বিশেষ বিধানের কথাও উল্লেখ করা হয়েছে।
কিওয়ার ব্যাখ্যা অনুযায়ী, কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও যদি তার ইকামার মেয়াদ কমপক্ষে আরও ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট নবায়ন সম্ভব না হলেও তাকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।
তবে যদি ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম থাকে, তাহলে প্রশাসনিক জটিলতা ও সম্ভাব্য জরিমানা এড়াতে নিয়োগকর্তাকে একই সঙ্গে ইকামা এবং ওয়ার্ক পারমিট উভয়ই নবায়ন করতে হবে।
কিওয়া আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মী তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ অথবা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেকর্ড থেকে সরিয়ে ফেলা হবে।
এ পরিস্থিতিতে সৌদি আরবের নিয়োগকর্তাদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে, যাতে তারা দ্রুত বকেয়া ওয়ার্ক পারমিট ফি পরিশোধ করে কর্মীদের পারমিট নবায়ন অথবা প্রয়োজন অনুযায়ী তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের ব্যবস্থা করেন।
সৌদি কর্তৃপক্ষের মতে, নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ গ্রহণ করা হলে আইনগত জটিলতা, অতিরিক্ত আর্থিক জরিমানা এবং প্রশাসনিক সমস্যাগুলো এড়ানো সম্ভব হবে।